বিচারপতি কেএম হাসানের পরিবার ২০ বছর ধরেই ওই এক কাঠা জমি ভোগ দখল করছিল
সাবেক প্রধান বিচারপতি কেএম হাসানের পরিবার তার বাসার পাশের এক কাঠা জমি অবৈধভাবে সুইপার প্যাসেজ হিসেবে গত ২০ বছর ধরেই ব্যবহার করছিল।
বিডিনিউজ পরিবেশিত সংবাদের প্রতিবাদে ও সংবাদটির সত্যতা অস্বীকার করে বুধবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিডিনিউজ পরিবেশিত সংবাদে বলা হয়েছিল, শেখ রেহানার বাসার জমি থেকে এক কাঠা সাবেক প্রধান বিচারপতি ও সাংবিধানিক বিধান অনুযায়ী পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি কেএম হাসানের নামে বরাদ্দ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ইয়াকুব আলী স্বাক্ষরিত ওই প্রতিবাদ লিপিতে বলা হয়, সুইপার প্যাসেজের ওই এক কাঠা জমি গত ২০ বছর ধরেই বিচারপতি কেএম হাসানের ভাই ও বোনদের দখলে রয়েছে।
এতে আরো বলা হয়েছে, ১৯০৮ সালের তামাদি আইনের ২৬ ধারা অনুযায়ী পরিত্যক্ত ওই এক কাঠা জমি বর্তমান বাজার মূল্যের দ্বিগুণ অর্থাৎ আট লাখ টাকায় কেএম হাসানের পরিবারের কাছে বিক্রি করা হয়।
তবে বিডিনিউজের কাছে সংরক্ষিত বাড়িটির নকশা অনুযায়ী পরিস্কার দেখা যায়, ওই এক কাঠা জমি বিগত আওয়ামী লীগ সরকার আমলে বরাদ্দকৃত শেখ রেহানার বাসার অংশ। যা বর্তমানে ধানমন্ডি থানা হিসেবে ব্যবহৃত হচ্ছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সুইপার প্যাসেজটি বিক্রির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল।
ওই বিজ্ঞপ্তিতে স্থানীয় প্লট মালিকদের কাছে থেকে নির্ধারিত মূল্যে সুইপার প্যাসেজ কেনার জন্য আবেদন আহ্বান করা হয়েছিল।
প্রতিবাদ লিপিতে আরো বলা হয়, ওই বিজ্ঞপ্তি অনুযায়ী কেএম হাসানের চার ভাই-বোন ২০০৪ সালের ১৫ সেপ্টেম্বর এক কাঠার সুইপার প্যাসেজটি কেনার জন্য আবেদন করেন। বিধি মোতাবেক জমিটি তাদের কাছে বিক্রি করা হয়।
তবে, মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী বিগত আওয়ামী লীগ সরকার আমলে বিজ্ঞপ্তি প্রকাশ হলেও কেএম হাসানের পরিবার কেনো তা কেনার জন্য আবেদন করলেন ২০০৪ সালে তা রহস্যজনক।
প্রতিবাদ লিপিতে বলা হয়, বিগত আওয়ামী লীগ সরকার আমলে কেএম হাসান পরিবরের পরিশোধিত মূল্যের চেয়ে অর্ধেক মূল্যে ওই পরিমান সুইপার প্যাসেজ বিক্রি করা হতো।
এতে আরো বলা হয়, আদালতে একটি রিট পিটিশন বিচারাধীন থাকা অবস্থায় বিগত আওয়ামী লীগ সরকার আমলে অবৈধভাবে মাত্র এক হাজার টাকার নামমাত্র মূল্যে শেখ রেহানার নামে বাসাটি বরাদ্দ দেওয়া হয়।
এতে বলা হয়েছে, বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে বাসাটি পরিত্যক্ত অবস্থায় ছিল। দখল হয়ে যাওয়ার আশংকায় বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বাসাটি নিয়ন্ত্রণে নেয় এবং ধানমন্ডি থানাকে ব্যবহারের জন্য বরাদ্দ দেয়।
সরকার বাসাটি ধানমন্ডি থানাকে ব্যবহার করতে দেওয়ার পর চলতি বছরের ২৪ জানুয়ারি শেখ রেহানা আদালতে একটি রিট পিটিশন করেন।
কেএম হাসানের নামে এক কাঠা জমি বরাদ্দের পর মঙ্গলবার হাই কোর্টে তিনি আরো একটি পিটিশন দাখিল করেন।
