শাবি ছাত্র হত্যার নিন্দা জানিয়েছেন শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পুলিশ কর্তৃক ছাত্র হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
শেখ হাসিনা সোমবার এক বিবৃতিতে বলেন, ঘটনার শুরুতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ যথাযথ ব্যবস্থা নিলে একজন নিরীহ ছাত্রকে প্রাণ দিতে হত না।
তা না করে সরকারের নির্দেশে ছাত্রদের ওপর গুলি চালিয়ে পুলিশ পরিস্থিতিতে আরও ঘোলাটে করে তুলেছে বলে তিনি জানান।
তিনি বলেন, এই সরকার সকল খাতের সঙ্কট ও সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে।
তিনি নিহত ছাত্র শামীমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যের প্রতি গভীর সমবেদনা জানান।
শেখ হাসিনা আহত ছাত্রদের দ্রুত আরোগ্য কামনা করেন।
