বিচার বিভাগ পৃথককরণে ৪ আমলার আদালত অবমাননার শুনানি সোমবার
বিচার বিভাগ পৃথককরণে দেশের সর্বোচ্চ আদালত উচ্চপদস্থ চার কর্মকর্তার বিরুদ্ধে যে আদেশ প্রদান করেছেন সে ব্যাপারে সোমবার সুপ্রীম কোর্টে শুনানি অনুষ্ঠিত হবে। বিচার বিভাগ পৃথককরণে আদালতের দেওয়া ১২ দফা নির্দেশনা তারা মেনে চলেননি বলে অভিযোগ করা হয়েছে।
সুপ্রীম কোর্টের আপিল বিভাগের সোমবার দিনের কার্যতালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে এ মামলাটি।
ব্যারিস্টার এম আমীর-উল ইসলামের ৩ এপ্রিল দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির সমন্বয়ে গঠিত পাঁচ সদস্য বিশিষ্ট আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ উচ্চপদস্থ চার কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার আদেশ জারি করেন। তারা হলেন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. কামালউদ্দিন সিদ্দিকী, আইন সচিব আলাউদ্দিন সরদার, সংস্থাপন সচিব ড. মাহবুবুর রহমান এবং অর্থসচিব সিদ্দিকুর রহমান।
মাসদার হোসেন মামলার মধ্যস্থতাকারী ব্যারিস্টার আমীর-উল ইসলাম কিশোরগঞ্জের শিশু ও নারী নির্যাতন দমন আইন ট্রাইব্যুনালের জজ চৌধুরী মুনির উদ্দিন মাহফুজের পক্ষে আদালত অবমাননার আবেদন দায়ের করেন। তিনি মূল আবেদনকারীদের একজন।
অভিযুক্ত কর্মকর্তাদের তিনজন ২৪ এপ্রিল আদালতের ১২ দফা নির্দেশনা মেনে না চলার ক্ষেত্রে তাদের অনাকাক্সিক্ষত ভুলের জন্য আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
অভিযুক্ত অপর কর্মকর্তারাও ক্ষমা চেয়ে আদালতের কারণ দর্শানোর জবাব দেন। কিন্তু সংস্থাপন সচিব কোনও মন্তব্য না করে তার কার্যক্রমের বিবরণ দেন।
তাদের জবাবের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেনসহ পাঁচজন বিচারপতির সমন্বয়ে গঠিত আপিল বিভাগের একটি পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানির জন্য ১৫ মে তারিখ ধার্য করেন।
