২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ কর্মকর্তাদের মঞ্চে ডেকে স্মারকলিপি ধরিয়ে দিলেন হাজী সেলিম

ডিএমপি (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) কমিশনারকে এক সপ্তাহের আলটিমেটাম দেওয়া একটি স্মারকলিপি দুই পুলিশ কর্মকর্তাকে মঞ্চে ডেকে তাদের হাতে ধরিয়ে দিলেন সাবেক সাংসদ ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2006, 07:52 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

পানি, বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস সংকট এবং অত্যাচার নির্যাতনের প্রতিবাদ ও খসড়া ভোটার তালিকা বাতিলের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে রোববার নগরীর লালবাগের চকবাজারে ১৪ দল বিক্ষোভ সমাবেশ আয়োজন করে।

সমাবেশের শেষ পর্যায়ে হাজী মোহাম্মদ সেলিম হঠাৎ করেই মঞ্চে আহ্বান জানান পুলিশের স্থানীয় এসি (সহকারী কমিশনার) মোস্তাফিজুর রহমান এবং লালবাগ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আব্দুল মতিনকে।

তারা একদল পুলিশ নিয়ে মঞ্চের দিকে এগোলে হাজী সেলিম শুধু ওই দু’জন কর্মকর্তাকে মঞ্চে আসতে বলেন। একই সঙ্গে কোনো ধরনের শ্লোগান না দেওয়ার জন্যে সমবেত দলীয় নেতা--কর্মীদের প্রতি নির্দেশ দেন।

এসি এবং ওসি মঞ্চে উঠলে তিনি পুলিশকে উদ্দেশ্য করে বলেন, প্রধানমন্ত্রীর পায়ের নিচে আর মাটি নেই। জোট সরকারের দিন শেষ হয়ে গেছে। তাই আগামী এক সপ্তাহ সময় দিলাম। এর মধ্যে বিরোধী দলের নেতা--কর্মীদের অত্যাচার নির্যাতন, গ্রেপ্তার হয়রানি বন্ধ করতে হবে। অন্যায়ভাবে গ্রেপ্তারকৃতদের মুক্তি দিতে এবং মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আইন শৃংখলার উন্নতি করতে হবে। লালবাগ--কামরাঙ্গির চর ও হাজারিবাগের সাবেক এই সাংসদ ১৪ দলের পক্ষে দেওয়া স্মারকলিপতে বলেন, দাবি মানা না হলে উদ্ভূত পরিস্থিতির জন্যে সরকারকেই দায়ী থাকতে হবে।