ডেমরায় সংগ্রাম কমিটির কর্মসূচি অব্যাহত: ধারাবাহিক প্রচারাভিযান ও পথসভা অনুষ্ঠিত
ডেমরা - শ্যামপুর পানি-বিদ্যুৎ সংগ্রাম পরিষদের ধারাবাহিক আন্দোলন সংগ্রাম কর্মসূচীর অংশ হিসেবে শনিবার দিনব্যাপী এলাকার বিভিন্ন স্থানে প্রচারাভিযান ও পথসভার অনুষ্ঠিত হয়েছে।
সূত্র জানায়, শনিবার সকাল ১১টা থেকে শনির আখড়া সড়কের উভয় পাশে, গোয়াল বাড়ির মোড়, রসূলপুর, দক্ষিণ দনিয়া, আদর্শ বালিকা, ছনটেক, কাজলাসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা করা হয়।
কর্মসূচী চলাকালে স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্যরা এলাকার বাড়ি বাড়ি গিয়ে সরেজমিনে পানি ও বিদ্যুতের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে। এছাড়া ১৯ মে শনির আখড়ায় সংগ্রাম কমিটি আয়োজিত জনসভার পক্ষে প্রচারণা চালানো হয়।
বিভিন্ন স্থানে আয়োজিত পথসভায় সংগ্রাম পরিষদের আহবায়ক মোসলেহউদ্দিন মাসুদ, খোন্দকার মোঃ সোহেল রানা, মিজান আহমেদ, জনি আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে কমিটির আহবায়ক মোসলেহউদ্দিন মাসুদ মেরাজ নগরে বিএনপি ক্যাডারদের হামলার নিন্দা করে বলেন, এভাবে সংগ্রাম কমিটির আন্দোলনকে বন্ধ করার ষড়যন্ত্রের জবাব আগামী দিনে আন্দোলনের মাধ্যমে দেওয়া হবে।
পথসভায় বক্তারা স্থানীয় সাংসদ সালাহউদ্দিনের ক্যাডার বাহিনীর ভয়ে যারা আন্দোলনের সাথে প্রকাশ্যে সংহতি প্রকাশ করতে পারছে না, তাদের প্রতি এলাকার উন্নয়নের স্বার্থে ১০ দফা দাবি বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে আন্দোলন জোরদারে সহায়তার আহবান জানান।
