২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনগণ সচেতন হলে যোগ্য প্রার্থী খুঁজতে হবে না: যশোরে সিপিডির সংলাপে সুশীল সমাজের নেতৃবৃন্দ

জনগণকে সচেতন করে তুলতে পারলেই সেখান থেকে বেরিয়ে আসবে যোগ্য নেতৃত্ব, যোগ্য প্রার্থী। যশোর জেলা পরিষদ মিলনায়তনে শনিবার দিনব্যাপী নাগরিক সংলাপে আলোচকরা এ কথা বলেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2006, 06:35 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

 সেন্টার ফর পলিসি ডায়লগ-সিপিডি আয়োজিত সংলাপের আলোচ্য বিষয় ছিল ‘জাতীয় নির্বাচন ২০০৭: জবাবদিহিতামূলক উন্নয়ন প্রচেষ্টায় সুশীল সমাজের উদ্যোগ’।

সংলাপে সঞ্চালক ছিলেন, সিপিডির নির্বাহী পরিচালক ড. দেবপ্রিয় ভট্টাচার্য। উপস্থিত ছিলেন চ্যানেল আই-এর শাইখ সিরাজ, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।

অধ্যাপক শরীফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে যশোরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পৌরসভা চেয়ারম্যান, এনজিও প্রতিনিধি, প্রেসক্লাব সভাপতি, চেম্বার সভাপতি, স্থানীয় সংবাদপত্রের সম্পাদক, আইনজীবী, শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণী--পেশার নেতৃবৃন্দ আলোচনা করেন।

সংলাপে বলা হয়, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র চর্চার ওপর বেশি গুরুত্ব দিতে হবে। তৃণমূল পর্যায়ের নেতা--কর্মীদের যথার্থ মূল্যায়ন এবং তাদের মতামতকে প্রাধ্যন্য দিয়ে নির্বাচনে প্রার্থী মনোনীত করা উচিত।

আলোচকবৃন্দ রাজনীতিকদের অবদানকে স্বীকৃতি দিয়ে বলেন, তাদের বাদ দিয়ে সুশীল সমাজের আন্দোলন এগুতে পারে না। তারা বলেন, সুশীল সমাজের একটি মত আছে, কিন্তু দল নেই। সে কারণে তাদের একার পক্ষে কিছুই করা সম্ভব নয়।

নির্বাচনে প্রার্থী মনোনয়নে নারীদের আরও বেশি সম্পৃক্ত করার ব্যাপারে সংলাপে জোর দেওয়া হয়। বলা হয়, নারীরা যত এগিয়ে আসবে, সমাজে সুশাসন তত বাড়বে।

সংলাপে আলোচকবৃন্দ বলেন, দুর্নীতি আর সুশাসন একসাথে চলতে পারে না। তারা বলেন, জনগণের আকাক্সক্ষার সফল বাস্তবায়ন করে থাকে রাজনীতিকরা। তাই রাজনৈতিক নীতিমালা শক্তিশালী করতে হবে।

আলোচকবৃন্দ বলেন, নির্বাচন প্রক্রিয়ায় পরিবর্তন আনা জরুরি। নির্বাচনী ব্যয়, ইলেকশন ট্রাইব্যুনাল সংশোধন এবং রিটার্নিং অফিসারের ভূমিকা আরও স্বচ্ছ করতে হবে। জনগণের প্রকৃত ক্ষমতায়ন প্রতিষ্ঠা করতে হবে। আমরা বোকা ভোটার হতে চাই না। প্রার্থীদের আদ্যোপান্ত জেনে তবেই তার সম্পর্কে ভাবতে হবে।

প্রভাবমুক্ত নির্বাচন হলে যোগ্য প্রার্থীদের আগামী নির্বাচনে বের করে আনা সম্ভব বলে আলোচকরা মত প্রকাশ করেন।