২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাবি না মানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক থেকে আওয়ামী লীগের ওয়াক আউট

জঙ্গিদের মদদদাতাদের চিহ্নিত করতে জাতি সংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক তদন্ত এবং কানসাট হত্যাকা-ের ব্যাপারে সংসদীয় তদন্ত কমিটি গঠনের দাবি নাকচ করায় বিরোধী দল আওয়ামী লীগের সদস্যরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক থেকে ওয়াক আউট করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2006, 08:54 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

তবে ‘বিরোধী দলের এই দাবি এই মুহূর্তে প্রযোজ্য নয়’ বলে সরকারি দলের সদস্যরা নাকচ করে দেন।

তারা বলেছেন, জঙ্গি দমনে সরকারের কার্যক্রম এ মুহূর্তে সন্তোষজনক এবং কানসাট পরিস্থিতিও আগামী ১৬ মের মধ্যে নিষ্পত্তি হয়ে যাবে।

রোববার বিকেলে সংসদ ভবনের কমিটি কক্ষে কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিরোধী দলের সদস্যদের দাবির মুখে দীর্ঘ তিনমাস পর এ বৈঠক অনুষ্ঠিত হল।

ওয়াক আউট করে বেরিয়ে অপেক্ষমান সাংবাদিকদের আওয়ামী লীগ সাংসদ মোহাম্মদ নাসিম বলেন, জঙ্গি দমনে সরকার ও প্রশাসনের প্রতি আমাদের আস্থা নেই। কারণ বাংলা ভাই এর কথিত ‘নেংটোর ইঁদুর’ সরকারের ভেতরেই রয়েছে। জঙ্গিদের মদদদাতা সরকারের মন্ত্রী, এমপি ও বিশেষ একটি দল (জামাত)।

তিনি বলেন, সরকারের আশ্রয় প্রশ্রয়ে তারা বেশ কয়েক বছর ধরে দানব হয়ে উঠেছিল। দানবদের ধরা হয়েছে, কিন্তু তাদের পৃষ্ঠপোষকদের ধরা হয়নি। বরং সরকার তাদের বাঁচানোর চেষ্টা করছে। এজন্যেই আন্তর্জাতিক তদন্ত প্রয়োজন।

কানসাট হত্যাকা-ের তদন্ত সম্পর্কে মোহাম্মদ নাসিম বলেন, যেহেতু সরকারের গুন্ডা বাহিনী ও সরকারের ইশারায় পুলিশ বাহিনী কানসাট হত্যাকা- ঘটিয়েছে, তাই আমরা মনে করি, এজন্যে একটি সংসদীয় তদন্ত কমিটি গঠন করা প্রয়োজন।

কিন্তু তারা আমাদের প্রস্তাব মানেনি। এমনকি নিহত ২০ জনের জন্যে তারা নিন্দা ও শোক প্রস্তাব গ্রহণের দাবিও উপেক্ষা করেছে। এ কারণে আমরা কমিটির বৈঠক থেকে ওয়াক আউট করেছি।

বৈঠক সূত্র জানায়, বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জঙ্গি তৎপরতা দমনে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপকে সন্তোষজনক বলে মন্তব্য করেছেন।

তিনি বলেছেন, এ ব্যাপারে প্রশাসন সুষ্ঠু তদন্ত করছে। জঙ্গি সন্ত্রাসকে সরকার সর্বাধিক গুরুত্বের সাথে দেখছে। তাদের রিপোর্ট আসলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া কানসাটের ঘটনার বিরোধী দলের সদস্যদের তোপের মুখে প্রতিমন্ত্রী বলেন, সেখানকার লোকজন খুবই উচ্ছৃঙ্খল ছিলো। পুলিশের গুলি করা ছাড়া কোনো উপায় ছিলো না। এ ব্যাপারে তদন্ত হচ্ছে।

সূত্র জানায়, বৈঠকে বিরোধী দলের সদস্যরা কানসাটের ঘটনার জন্যে কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শাহাজাহান মিয়াকে অভিযুক্ত করেন। এসময় সভাপতি আত্মপক্ষ সমর্থন করে ঘটনার ব্যাখ্যা দেন।

বৈঠক শেষে সভাপতি অধ্যাপক শাজাহান সাংবাদিকদের বলেন, আমরা কমিটির বৈঠকে ঘটনার জন্যে দুঃখ প্রকাশ করেছি। আমাকে অহেতুক দোষারোপ করা হচ্ছে। কিন্তু বিরোধী দলের সদস্যরা একটি সংসদীয় তদন্ত কমিটি এবং নিন্দা ও শোক প্রস্তাব নেয়ার দাবি জানালে তা গ্রহণ করা হয়নি।

তিনি ঘটনার পর সরকারের পক্ষ থেকে নেয়া ব্যবস্থার ব্যাপারে সন্তোষ প্রকাশ করে বলেন, ইতোমধ্যে বেশ কিছু ব্যবস্থা নেয়া হয়েছে। ১৬ মে’র মধ্যে তদন্ত রিপোর্ট আসলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি জানান, জঙ্গি সমস্যাকে দেশের সবচে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করে প্রশাসনকে আন্তরিকভাবে বিষয়টি দেখার সুপারিশ করা হয়েছে।

কমিটির বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপির মজিবর রহমান সারোয়ার, মিজানুর রহমান মিনু, আতাউর রহমান খান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আওয়ামী লীগের শেখ হেলাল উদ্দিন ও জামাতের রিয়াছাত আলী বিশ্বাস উপস্থিত ছিলেন।