পানি, বিদ্যুৎ ও গ্যাসের দাবিতে ডেমরায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, সংঘর্ষে এমপি ও পুলিশসহ আহত অর্ধশতাধিক
হাজার হাজার বিক্ষুব্ধ জনতা শুক্রবার পানি, বিদ্যুৎ ও গ্যাস সংকটের প্রতিবাদে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে এবং এসময় স্থানীয় সাংসদ তার ক্যাডার বাহিনীসহ ঘটনাস্থলে পৌছে বিক্ষুব্ধ জনতাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলে নগরীর ডেমরা থানা এলাকা অপর এক কানসাটে পরিণত হয়।
এসময় স্থানীয় সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের ওপর বিক্ষুব্ধ জনতা হামলা চালায়, অর্ধশতাধিক যানবাহন, ব্যাবসা প্রতিষ্ঠান ও দোকাপাট ভাংচুর করে, পুলিশ ফাঁড়িতে হামলা চালায় এবং টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়কের প্রত্যেকটি গুরুত্বপূর্ন স্থানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
মতিঝিল থেকে শনির আখড়াসহ নগরীর বিভিন্ন রুটের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। লংরুটের শতাধিক বাসও যাত্রাপথে রাস্তার মাঝে আটকা পড়ে।
পরিস্থিতির চরম অবনতি ঠেকাতে বিগ্রেডিয়ার জেনারেল নিজামের নেতৃত্বে সেনা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের স্বল্প সময়ের মধ্যে পানি সরবরাহের নিশ্চয়তা দেয়।
সেনা কর্মকর্তাদের সাথে আলোচনা চলাকালে পুলিশ বিনা উস্কানীতে প্রতিবাদকারীদের লক্ষ্য করে টিয়ার শেল ছুড়লে দুইজন সেনা সদস্য আহত হয়। আহত সেনা সদস্যদের পরিচয় জানা যায়নি।
এদিকে বিএনপি সমর্থক ওয়ার্ড কমিশনার নবীউল্লাহ ও আতিকউল্লাহ তাদের দলবলসহ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদকারীদের আক্রমণ করে। এসময় জনতা তাদের ধাওয়া করলে অবস্থা পুনরায় অগ্নিগর্ভ হয়ে পড়ে। নারী ও শিশুসহ বিক্ষুব্ধ জনতা এসময় ওয়ার্ড কমিশনারদের লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপসহ হাতের কাছে যা পায় তাই ছুড়ে মারে।
ডেমরা সংগ্রাম পরিষদের ব্যানারে অরাজনৈতিক আন্দোলনের মাধ্যমে ডেমরাবাসী তাদের সাত দফা দাবি দাওয়া পূরণের জন্য ২৪ ঘন্টার অল্টিমেটাম দেয়।
সংগ্রাম পরিষদের একজন সদস্য বলেন, ‘এছাড়া আমরা মহাসড়ক ত্যাগ করবো না’।
সাত দফা দাবী দাওয়ার মধ্যে রয়েছে অবিলম্বে পানি ও গ্যাস সরবরাহ, লোডশেডিং বন্ধ করা, পাতারবাগ পাম্পের সংস্কার, শনির অখড়ার উপর সেতুর নির্মান কাজ শেষ করা, সড়কের পাশের অবৈধ দোকানপাট উচ্ছেদ এবং সংগ্রাম পরিষদ নেতৃবৃন্দের বিরুদ্ধে কোন মামলা দায়ের না করা।
এছাড়াও বিক্ষোভকারীদের সাথে স্থানীয় সংসদ সদস্যের অশালীন ব্যাবহারের ঘটনায় নিঃশর্ত ক্ষমা প্রার্থণার দাবী জানানো হয়।
শুক্রবার সকালে পানি, বিদ্যুৎ ও গ্যাস সংকটের প্রতিবাদে ডেমরার নূরনগর এলাকার শত শত বাসিন্দা স্থানীয় আয়শা সুপার মার্কেটের সামনে জড়ো হয়ে শনির আখড়ার সামনে ঢাকা-চট্রগ্রাম মহসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিলে ডেমরা এলাকা উতপ্ত হয়ে উঠে।
এসময় স্বতস্ফূর্তভাবে সকল শ্রেণী ও পেশার মানুষ রাস্তায় নেমে আসে।
আন্দোলনকারীরা জানান, সকাল ১০ টার দিকে স্থানীয় সাংসদ ঘটনাস্থলে পৌছে বিক্ষোভকারীদের থামানোর চেষ্টা করলে এবং তাদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ সহ পুলিশ ও তার ক্যাডার বাহিনীকে আন্দোলনকারীদের লক্ষ করে গুলিবর্ষণের নির্দেশ দিলে কানসাটের মত পরিস্থিতির সৃষ্টি হয়।
সাংসদ তার বাহিনীসহ ব্যারিকেড অপসারণের জন্যও বিক্ষোভকারীদের চাপ দেয়।
স্থানীয় নূর মসজিদ নির্বাহী কমিটির সদস্য শহিদুল ইসলাম বিডিনিউজকে বলেন, সাংসদ সালাউদ্দিন অশ্লীল ভাষায় গালিগালাজ এবং বিক্ষোভকারীদের লক্ষ করে গুলিবর্ষণ শুরু করার নির্দেশ দিলে সংঘর্ষ শুরু হয়।
স্থানীয়রা জানায়, এসময় ওই এমপি আইনরক্ষাকারী বাহিনীকে আন্দোলনরত জনগণের উপর গুলি চালাতে বাধ্য করেন। এ কারণেই জনতা সহিংস হয়ে ওঠে এবং তারা পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। সারা দিনব্যাপী এই সংঘর্ষে হাজার হাজার মানুষ ভোগান্তিতে পড়ে।
তাদের ধারনা স্থানীয় এমপি যদি শান্তভাবে এলাকাবাসীর দাবি দাওয়ার কথা শুনতেন এবং তা পূরণের আশ্বাস দিতেন তাহলে পরিস্থিতি এদিকে গড়াতো না।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনির আখড়ায় ঢাকা--চট্টগ্রাম মহাসড়কে সকাল সাড়ে ৭টায় শত শত জনগণ পানি এবং বিদ্যুতের দাবিতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাতে শুরু করে। তারা এসময় যানবাহন থামিয়ে দিয়ে রাস্তা অবরোধ করে রাখে।
এলাকার অধিবাসী মোহাম্মদ ওমর ফারুক অভিযোগ করেন বলেন, ডেমরা জোন পুলিশের অ্যাসিসটেন্ট কমিশনার (এসি) আন্দোলনরত জনগণের উপর চড়াও হতে রাজি না হওয়ায় এমপি তাকে চড় মারেন।
তিনি আরও অভিযোগ করেন পুলিশ যখন জনগণের ওপর চড়াও হতে রাজি হয়নি তখন এমপি সালাউদ্দিন তার দেহরক্ষীকে জনতার উদ্দেশ্যে গুলি চালানোর নির্দেশ দেন। তখন দেহরক্ষী এমপি’র পিস্তল দিয়ে চার রাউন্ড গুলি চালায়।
এ ঘটনায় উত্তেজিত জনতা এমপির ওপর চড়াও হয় এবং এতে তিনি আহত হন। এ অবস্থায় পুলিশ জনতার ওপর হামলা চালায় এবং বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুঁড়লে কয়েকজন বিক্ষুব্ধ জনতা আহত হয়।
স্থানীয়রা অভিযোগ করে, এমপি পূত্র রাসেল ‘জিয়া স্বরণী’ তে একটি বড় বাড়ি তৈরি করে রাস্তা বন্ধ করে রেখেছে যে কারণে তিন বছর যাবত ওই এলাকার জনগণ সমস্যয় ভুগছে। তারা জানায়, কেউ প্রতিবাদ করলে বা ওই বাড়ি সরানোর ব্যাপারে অনুরোধ জানাতে গেলেই তারা নির্যাতনের শিকার হয়।
সর্বশেষ: স্থানীয় সূত্র জানায়, রাত পৌনে আটটায় শতাধিক বিএনপি সমর্থক ক্যাডাররা শনির আখড়া মোড়ে গিয়ে প্রতিবাদকারীদের জোর করে সেখান থেকে সরিয়ে দিলে যান চলাচল আবার শুরু হয়।
এদিকে রাত হওয়ার সাথে সাথে সংগ্রাম কমিটির নেতা ও সমর্থকদের গ্রেফতারের জন্য ঘরে ঘরে পুলিশি তল্লাশি শুরু হয়েছে বলে স্থানীয় সূত্র দাবি করে।
