২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রুটিপূর্ণ ভোটার তালিকা প্রকাশ করে ইসি জাতিকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছে: আইন বিশেষজ্ঞ

দেশের আইন বিশেষজ্ঞরা শুক্রবার বলেছেন, হাইকোর্টের রায় ও নির্দেশনা এড়িয়ে ও লঙ্ঘন করে বহুলবিতর্কিত ও অগ্রহণযোগ্য নতুন ভোটার তালিকা প্রণয়ন ও তার খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি) জাতিকে রাজনৈতিক সংঘাতের দিকে ঠেলে দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2006, 06:33 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

বার্তা সংস্থা বিডিনিউজের সাথে আলাপকালে প্রখ্যাত আইনজীবী ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেন, শুরু থেকে শেষ পর্যন্ত নতুন ভোটার তালিকা প্রণয়নের কাজটি বিতর্কিত হওয়ায় ইসি প্রকাশিত খসড়া ভোটার তালিকা জাতির কাছে গ্রহণযোগ্য হবে না।

তিনি বলেন, হাইকোর্টের ও নির্দেশনা এড়িয়ে গিয়ে ইসি তাড়াহুড়ো করে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। বিতর্কিত এ ভোটার তালিকা দিয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। এ ভোটার তালিকা পরবর্তী সাধারণ নির্বাচনকে বিতর্কিত করবে।

ব্যারিস্টার রোকনুদ্দিন বলেন, বহুলবিতর্কিত ও অগ্রহণযোগ্য নতুন ভোটার তালিকা প্রণয়ন ও তার খসড়া প্রকাশ করে ইসি জাতিকে রাজনৈতিক সংঘাতের দিকে ঠেলে দিয়েছে।

তিনি বলেন, শুধু সুশীল সমাজ ও বিরোধী দলগুলোই নয়, বিদেশী প্রতিনিধি ও দাতা সংস্থাগুলোও মত প্রকাশ করে বলেছে, একজন গ্রহণযোগ্য প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নেতৃত্বে একটি গ্রহণযোগ্য ইসির অধীনে পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। ভোটার তালিকা প্রণয়ন করতে নিয়ে সিইসি অধিকাংশ সময়ই হাইকোর্টের রায় ও নির্দেশনা লঙ্ঘন করেছেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (এসসিবিএ) সাবেক সম্পাদক অ্যাডভোকেট এম ইনায়েতুর রহীম বলেন, হাইকোর্টের নির্দেশনা ও পর্যবেক্ষণ নিস্ফল করে দেওয়ার জন্য ইসি আদালতের রায় এড়িয়ে গিয়ে তাড়াহুড়ো করে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে।

তিনি বলেন, ভোটার তালিকা প্রস্তুতকরণ সম্পর্কিত একটি মামলা সুপ্রিম কোর্টে ঝুলে থাকা সত্ত্বেও একটি অসম্পূর্ণ ও জাল ভোটার তালিকা প্রকাশ করে ইসি দেশের সর্বোচ্চ আদালতের প্রতি অনাস্থা প্রকাশ করেছে।

অ্যাডভোকেট ইনায়েতুর রহীম বলেন, আগামী সাধারণ নির্বাচনের ফলাফল বিএনপি-জামাত জোট সরকারের পক্ষে আনতে সিইসি সরকারের ক্যাডারদের দিয়ে ভোটার তালিকা প্রস্তুত করেছে। এ ভোটার তালিকা জাতির কাছে গ্রহণযোগ্য হবে না।

তিনি বলেন, দুই সাবেক নির্বাচন কমিশনার এমএম মুন্সেফ আলী ও একে মোহাম্মদ আলীর প্রতি রাগ প্রকাশ করে সিইসি ও আপিল বিভাগের বিচারক হিসাবে নেওয়া শপথ লঙ্ঘন করে সিইসি এমএ আজিজ অসদাচরণ করেছেন।

আইন বিশেষজ্ঞ ড. এম জহির বলেন, চূড়ান্ত নিষ্পত্তির জন্য ভোটার তালিকা প্রস্তুতকরণ সংক্রান্ত মামলা আপিল বিভাগের ঝুলে আছে।

তিনি বলেন, আপিল বিভাগ ইতোমধ্যে সিইসি আজিজকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করার ক্ষেত্রে ইসির আচরণকে আদালত অবমাননা হিসেবে ধরা যাবে না।

তবে ড. জহির বলেছেন, ভোটার তালিকা প্রস্তুতকরণ ও খসড়া ভোটার তালিকা প্রকাশের ব্যাপারে দেওয়া হাইকোর্টের রায় ও পর্যবেক্ষণের সাথে জড়িত সকল বিষয়ের নিষ্পত্তি সুপ্রিম কোর্টে হবে।

তিনি বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ঝুলে আছে। সুপ্রিম কোর্ট ভোটার তালিকা প্রস্তুতকরণ ও খসড়া ভোটার তালিকা প্রকাশের সাথে জড়িত সকল বিষয়ের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে।

বাংলাদেশ বার কাউন্সিলের মানবাধিকার ও আইনী সহায়তা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট জেড আই খান পান্না বলেন, ভোটার তালিকা প্রস্তুতকরণের ব্যাপারে হাইকোর্ট নির্বাচন কমিশনকে কিছু নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, হাইকোর্টের পর্যবেক্ষণ এড়িয়ে গিয়ে ইসি ভোটার তালিকা প্রস্তুত করেছে এবং সম্প্রতি খসড়া তালিকা প্রকাশ করেছে। আপিল বিভাগ চাইলে ইসির এ ধরনের কার্যক্রমকে আদালত অবমাননা হিসেবে বিবেচনা করতে পারে।

তিন বিরোধীদলীয় নেতা ও আওয়ামী লীগের আইনপ্রণেতা আব্দুল জলিল এমপি, অ্যাডভোকেট রহমত আলী এমপি ও আসাদুজ্জামান নূর এমপি নতুন ভোটার তালিকা প্রণয়ন করতে এককভাবে নেওয়া সিইসি সিদ্ধান্ত ও ভোটার তালিকা কাজ সম্পন্ন করার জন্য রাজনৈতিক বিবেচনায় গণনাকরী নিয়োগকে চ্যালেঞ্জ করে ২০০৫ সালের ১২ ডিসেম্বর দু’টি রিট আবেদন দায়ের করেন।

রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এম এ মতিন ও বিচারপতি রেজাউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ২০০৬ সালের ৪ জানুয়ারি ভোটার তালিকা প্রস্তুত করার ব্যাপারে পাঁচটি পর্যবেক্ষণসহ রায় প্রদান করেন।

ইসি ১ ফেব্রুয়ারি হাইকোর্টের রায় ও পর্যবেক্ষণের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে লিভ টু আপিল দায়ের করেন। সুপ্রিম কোর্ট ১৭ এপ্রিল লিভ টু আপিল মঞ্জুর করেন ও ১৪ মে লিভ টু আপিলের শুনানির দিন ধার্য করেন।