২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক রহমানের সঙ্গে আমার তুলনা চলেনা, আ.লীগ ও বিএনপির মধ্যেও বিস্তর তফাৎ : জয়

বঙ্গবন্ধুর দৌহিত্র ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় দেশ ও দলের জন্য কাজ করার কথা পুনর্ব্যক্ত করে বলেছেন, সরাসরি রাজনীতিতে এখনি নয়। দলের পদ দখল করলে দেশবাসী আমাকে তারেক রহমানের সঙ্গে তুলনা করবে। কিন্ত তার সাথে আমার তুলনা চলে না। আমাদের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। তার সঙ্গে আমার কোনই মিল নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2006, 06:26 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

জয় বলেন, আওয়ামী লীগের সঙ্গেও বিএনপির বিস্তর তফাত রয়েছে। দুটোই রাজনৈতিক দল হলেও আওয়ামী লীগ একটি অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক দল।

শুক্রবার ঢাকায় পৃথক দু’টি মতবিনিময় অনুষ্ঠানে জয় এসব কথা বলেন। 

সকালে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে আগামী জাতীয় নির্বাচনকে দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, দেশের যে পরিস্থিতি তাতে জনগণ জোট সরকারকে ভোট দেবে না। তাই ভোট চুরি করে ক্ষমতায় টিকে থাকতে চাইবে তারা।

নির্বাচন এবং আন্দোলনের জন্য স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের প্র¯ত্তত থাকার তাগিদ দিয়ে জয় বলেন, জোট সরকার এতো সহজে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে দেবে না। 

প্রতিটি কেন্দ্রে ভোট পাহারা দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, মানুষকে বোঝাতে হবে আবার যদি এরা ক্ষমতায় আসে দেশের পরিনতি হবে ভয়াবহ। দরকার হলে দেশবাসীকে সঙ্গে নিয়ে রাস্তায় নেমে এদের তাড়াতে হবে।

জোট সরকার সংস্কার দাবি কিছুটা হলেও মানবে - এই আশা ব্যক্ত করে জয় বলেন, এদের তাড়াতে ৯৬’র মতো নয়, ৬৯ এবং ৭১ এর মতো আন্দোলন গড়ে তুলতে হবে।

সংক্ষিপ্ত বক্তব্যে জয় বাংলাদেশ নিয়ে তার স্বপ্নের কথা তুলে ধরেন। বলেন, আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে তাহলে দেশ থেকে  সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজি দূর করে একটি আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে সচেষ্ট হবো। ১০বছরে থাইল্যান্ড, ১৫ বছরে মালয়েশিয়া আর ২০ বছরে বাংলাদেশকে সিঙ্গাপুরের মতো উন্নয়নের মডেল করা যায় বলে তিনি মন্তব্য করেন। 

সংগঠনের নেতা-কর্মীদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন সজীব ওয়াজেদ জয়।

স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সাংবাদিক পথিক সাহার এক প্রশ্নের জবাবে জয় বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে সাংবাদিকদের ওপর কোন নির্যাতন হবে না। আমরা ‘ফ্রিডম অব প্রেস’ এ বিশ্বাস করি।

অ্যাডভোকেট মঞ্জু নাজনিনের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই মুহূর্র্তে আমার রাজনীতিতে সরাসরি যোগ দেওয়ার ইচ্ছে নেই। রাজনীতিতে যোগ দেব এমন ইচ্ছে আমার ছিলও না। কিন্তু ‘৭৫ সালে আমাদের পরিবারকে শেষ করে দেয়া হলো। ২০০৪ সালের একুশে আগস্ট আমার মা’কে মারার জন্য হামলা চালানো হলো। এই নৃশংসতা দেখে আমার ভেতর জিদ চেপেছে। আমি আমার দেশ এবং পরিবারকে শেষ হতে দেব না।

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফম বাহাউদ্দিন নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ ও মতিউর রহমান মতি বক্তৃতা করেন।

সভার শুরুতে জয়কে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এরপর সংগঠনের পক্ষ থেকে তাকে একটি ক্রেস্ট উপহার দেয়া হয়।

দুপুরে নগরীর গুলশানে একটি কনভেনশন সেন্টারে তরুণ আইনজীবী ও ব্যারিস্টারদের সঙ্গে অপর এক মতবিনিময় অনুষ্ঠানে জয় প্রধানমন্ত্রী পুত্র এবং বিএনপি’র যুগ্ন মহাসচিব তারেক রহমানের সঙ্গে কোনো তুলনাই চলেনা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রীর পুত্র হলেও তার সঙ্গে আমার কোনো মিল নেই।

সজীব ওয়াজেদ বলেন, আমার সম্পদ হচ্ছে দু’টি ডিগ্রি। আমেরিকায় আমি চাকরি করে খাই। আর তিনি (তারেক) হচ্ছেন অগাধ ধন সম্পত্তি আর টাকা পয়সার মালিক। দুর্নীতি, লুটপাট চালিয়ে সরকার জনগণের অর্থ সম্পদ কেড়ে নিচ্ছে। একজন কৃষক যেখানে বেগুনের দাম পান কেজি প্রতি ৬ টাকা। সেখানে ঢাকায় তা ৩৫ টাকায় কিনতে হয়। মাঝের এই টাকাগুলো যায় কোথায়? প্রশ্ন করেন জয়।

তিনি বলেন, ব্যবসা বাণিজ্যসহ দেশে যে যা কিছুই করতে যাক না কেন, প্রধানমন্ত্রীর পরিবারকে তার ভাগ দিতে হয়।

জয় বলেন, আমার পরিবার দেশের জন্য অনেক ত্যাগ করেছে। কিন্তু একদিন এমন সময় আসবে, যখন দেশের জনগণকেই দায়িত্ব নিতে হবে।

পারিবারিক পরিবেশে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ব্যারিস্টার ফজলে নূর তাপস, মোকসেদুল ইসলাম, রাহাত খলিল, ইমরানুল কবির, জেনিফার জব্বারসহ প্রায় অর্ধশত তরুণ ব্যারিস্টার উপস্থিত ছিলেন।