বিরোধী দলের প্রতি নতুন করে সংলাপের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী খালেদা জিয়া বৃহস্পতিবার নতুন করে তত্ত্বাবধায়ক সরকার সংস্কার বিষয়ে আলোচনা করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন।
রাজধানীর লালবাগে ঘোড়া শহীদ মাজার রোডে বক্তব্য দানকালে তিনি বলেন, আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান হতে পারে, রাজপথে নয়ে। আমরা আলোচনা চাই, আলোচনার পথ এখনো বন্ধ হয়ে যায়নি।
এই ইস্যুতে আলোচনা করতে জাতীয় সংসদে দেওয়া তার প্রস্তাবের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কয়েক দফা চিঠি বিনিময় করে বিরোধী দল এখন আর এ ব্যাপারে এগোতে চাচ্ছে না।
তিনি অভিযোগ করে বলেন, আমাদের বিরোধী দল আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করছে। তারা মানুষ হত্যা করছে এবং জনগণের সম্পদ বিনষ্ট করছে। তারা রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাসী কর্মকা- চালাচ্ছে। তারা গণতন্ত্রে বিশ্বাসী নয়।
তিনি বলেন, বিরোধী দল ক্ষমতায় যাওয়ার আগে তারা ভালো ভালো কথা বলে কিন্তু ক্ষমতায় আসলে সব কিছু ভুলে যায়।
প্রধানমন্ত্রী আরো বলেন, দেশের মানুষ তাদের বিশ্বাস করে না। তারা সরকার পরিচালনার যোগ্য নয়।
স্থানীয় সংসদ সদস্য নাসির উদ্দিন পিন্টুর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস, মেয়র সাদেক হোসেন খোকা, শ্রম ও কর্ম সংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী।
