নীলফামারীতে খসড়া ভোটার তালিকায় নাম নেই সাংসদ আসাদুজ্জামান নূরের
বুধবার প্রকাশিত খসড়া ভোটার তালিকায় নাম নেই নীলফামারী সদর আসনের সাংসদ ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক আসাদুজ্জামান নূরের। এ ব্যাপারে জেলা নির্বাচন অফিসার বলেছেন, এটি কীভাবে হলো বুঝতে পারছি না।
এদিকে জামায়ত সাংসদ মিজানুর রহমান চৌধুরীর নির্বাচনী এলাকা জলঢাকা উপজেলায় ভোটার বেড়েছে বিপুল সংখ্যক। এখানে গতবার ভোটার ছিলো ১ লাখ ৬৫ হাজার ৪১৭। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৫৯ জন। অন্যদিকে আওয়ামী লীগের আসাদুজ্জামান নূরের নির্বাচনী এলাকা নীলফামারী সদর এলাকায় ভোটার বাড়লেও তার হার খুবই কম। এ আসনে গত তালিকায় ভোটার ছিলো ২ লাখ ২৭ হাজার ৭৭৭। এবার হয়েছে ২ লাখ ৬৮ হাজার ৮৯৭ জন।
বৃহস্পতিবার নীলফামারী জেলা নির্বাচন অফিসে গিয়ে দেখা যায়, খসড়া ভোটার তালিকা অফিসে সাজিয়ে রাখা হয়েছে। সংশিষ্টরা বলেন, স্থানের অভাবে টাঙানো যায়নি।
আবার পিতার স্থলে স্বামীর নাম উল্লেখসহ অনেক ভুল ভ্রান্তির অভিযোগ পাওয়া গেছে। খসড়া ভোটার তালিকায় নাম ওঠেনি প্রায় ৩০ ভাগ মানুষের।
ভোটার তালিকায় আসাদুজ্জামান নূরের পাশাপাশি তার স্ত্রী ডা. শাহিন আক্তারের নামও অর্ন্তভুক্ত করা হয়নি। এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, একজন সাংসদ হিসেবে তাকে ভোটার করা উচিত। কেন হলো না, কীভাবে তার নাম বাদ পড়লো, আমি বুঝতে পারছি না। বিষয়টি আমরা দেখছি।
