যুক্তরাজ্যে কাউন্সিল আসনে ভোটের লড়াই: ব্লেয়ারের জন্য কঠিন পরীক্ষা
যুক্তরাজ্যের চার হাজার ৩৬০টি কাউন্সিল আসনে বৃহস্পতিবারের নির্বাচনে টনি ব্লেয়ারের লেবার পার্টি কঠিন পরীক্ষার মুখোমুখি হচ্ছে। এবারের নির্বাচনে প্রায় ২০০ বাংলাদেশী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সংবাদমাধ্যমগুলোর মন্তব্য হচ্ছে, এ নির্বাচন টনি ব্লেয়ারের জন্য সত্যিকারের একটি পরীক্ষা এবং নির্বাচনের ফলাফল তাকে সংকটের মধ্যে ফেলবে। কিছু বিতর্কের কারণে ব্লেয়ারের সরকার চাপের মধ্যে আছে। বিরোধী শিবির থেকে তিন মন্ত্রীর পদত্যাগের দাবি রয়েছে।
অভিযুক্ত মন্ত্রীদের অন্যতম হলেন উপ-প্রধানমন্ত্রী জন প্রেসকট। অধীনস্ত এক সরকারি কর্মচারীর সাথে বিবাহ বহির্র্র্ভূত সম্পর্কের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযুক্ত অপর দুজন হলেন স্বরাষ্ট্রমন্ত্রী চার্লস ক্লার্ক এবং স্বাস্থ্যমন্ত্রী প্যাট্রিসিয়া হিউইথ। ক্লার্ক অপরাধীকে মুক্ত করে দেওয়া ও হিউইথ ন্যাশনাল হেল্থ সার্ভিসের ১০ হাজার কর্মচারীকে বেকার করে দেওয়ার জন্য অভিযুক্ত।
সরকারি রাজস্ব বিভাগের চ্যান্সেলর গরডন ব্রাউন পরবর্তীতে ব্লেয়ারের স্থলাভিষিক্ত হবেন। অথচ ব্লেয়ার তাকে কোনও দায়িত্বভার না দিয়ে নিজে নিজেই সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। লেবার পার্টির সংসদীয় দলের বিভিন্ন অংশের মধ্যে এসব কারণেও হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।
প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সোমবার ব্লেক পুলে নির্বাচনী প্রচারণা চালানোর সময় তার প্রতি আস্থা রাখার জন্য ভোটারদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, নয়দিনের হেডলাইন নয় বছরের অর্জনকে খাটো করতে পারে না।
ব্রিটিশ স্থানীয় সময় অনুসারে রাত দশটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। কারচুপি বন্ধে ভোটকেন্দ্রগুলোতে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
লন্ডন ও বাংলাটাউন থেকে পাওয়া খবরে জানা গেছে, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। প্রায় ৩৬ টি মেট্রোপলিটন ও ২০ টি ইউনিটারি কর্তৃপক্ষ তাদের কাউন্সিলের তৃতীয় ব্যক্তিকে নির্বাচিত করবেন।
ভোট গ্রহণ হবে ১৮ টি জেলায়। সেখানেও অধিকাংশরাই সদস্যদের মধ্যে তৃতীয় সদস্যকে নির্বাচিত করবেন। ওয়াটফোর্ট, হ্যাকনি, নিউহ্যাম ও লিউইসহ্যামে অনুষ্ঠিত হবে মেয়র নির্বাচন।
মেট্রোপলিটন কাউন্সিলে লেবারদের প্রার্থীই বেশি। তাদের প্রার্থীর সংখ্যা ৮২১ জন। অন্যদিকে কনজারভেটিভদের প্রার্থী ৭৭২ জন, লিবারাল ডেমোক্র্যাটদের প্রার্থী ৭০৮ জন এবং অন্যান্য দলের প্রার্থী মোট ৮৭৫ জন।
শায়ার জেলায় কনজারভেটিভদের ১ হাজার ৩২৬ জন, লেবারদের ১ হাজার ১৭২ জন, লিবারাল ডেমোক্র্যাটদের ১ হাজার ৫২ এবং অন্যান্য দলের ৭৮২ জন প্রার্থী মাঠে রয়েছেন।
অন্যান্যদের মধ্যে গ্রিন পার্টির ১ হাজার ২৫১, বিএনপি’র ৩৬৩, ইউকেআইপি’র ৩১৯ এবং রেসপেক্ট দ্য ইউনিটি কোয়ালিশনের ১৬২ জন প্রার্থী নির্বাচনে নেমেছেন।
