২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিপাক্ষিক অবাধ বাণিজ্য চুক্তির ক্ষেত্রে পাকিস্তানের কাছে বিশেষ ছাড় চায় বাংলাদেশ

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) নেতারা বুধবার এক সংলাপে বলেছেন, পারস্পরিক বাণিজ্যের ক্ষেত্রে উন্নয়নশীল দেশ হিসেবে পাকিস্তানকেই বিশেষ করে রুলস অব অরিজিন ও শুল্কহ্রাসের ক্ষেত্রে বাংলাদেশকে বিশেষ ছাড় দিতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2006, 09:45 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

ঢাকায় পাকিস্তান হাইকমিশন ও এফবিসিসিআই যৌথভাবে ‘পাকিস্তানের সাথে এফটিএ (অবাধ বাণিজ্য চুক্তি) : বাংলাদেশের স্বার্থ’ শীর্ষক এ সংলাপের আয়োজন করে।

সংলাপ অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি মীর নাছির বলেন, আমরা মনে করি, বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্রখাতে যথাক্রমে রুলস অব অরিজিন হতে পারে ২৫ শতাংশ এবং মূল্য সংযোজন হতে পারে ২০ শতাংশ। এক্ষেত্রে পাকিস্তানের জন্য তা হতে পারে ৪০ শতাংশ।

তিনি বলেন, সাফটা চুক্তিতে বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোর জন্য রুলস অব অরিজিন মূল্য সংযোজন হচ্ছে ৩০ শতাংশ। সাফটার চেয়ে এফটিএ'তে তা আরও ভালো হওয়া উচিত বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

সংলাপে এফবিসিসিআইয়ের উপদেষ্টা মঞ্জুর আহমেদ ও পাকিস্তান হাইকমিশনের বাণিজ্যিক কাউন্সেলর রুবিনা তৌফিক শাহ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সংলাপে শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের উপস্থিত ছিলেন।

এফবিসিসিআই সভাপতি তার বক্তব্যে দু দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচল, নেতিবাচক দিকগুলো চিহ্নিতকরণ, বিশেষ ও ব্যতিক্রমী বিষয় আশয় সনাক্তকরণ, শুল্কমুক্ত বাধা অপসারণ, আইনি সামঞ্জস্য প্রতিষ্ঠাসহ এফটিএ'কে সাফল্যম-িত করার ক্ষেত্রে ভূমিকা রাখবে এরকম বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।

সংলাপে দু দেশের অংশগ্রহণকারীরাই এফটিএ’র মতো আঞ্চলিক বাণিজ্য চুক্তির ব্যাপারে একমত পোষণ করেন। এসব চুক্তি অর্থনৈতিক উন্নয়নে আঞ্চলিক কৌশলের ক্ষেত্রে গুরুত্ব হতে পারে বলে তারা মত প্রকাশ করেন।

তারা আরও বলেন, বর্তমানে বিশ্বের অনেক দেশ বিভিন্ন আঞ্চলিক ও দ্বিপাক্ষিক চুক্তিতে উপনীত হচ্ছে এবং পুরনো চুক্তিগুলোকে তাকে তুলে রাখছে।

মীর নাছির বলেন, এফটিএ’র সাফল্য নির্ভর করবে দু দেশের নেতাদের রাজনৈতিক সদিচ্ছার ওপর।

তিনি এফটিএ’র আওতায় বাণিজ্য সুবিধা সম্প্রসারে বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য দু দেশের কর্মকর্তা ও ব্যবসায়ীদের নিয়ে বিভিন্ন কমিটি গঠনের ব্যাপারেও তার মতামত ব্যক্ত করেন।

এক্ষেত্রে অনুমতি, নিবন্ধন, ব্যাংকিং ও অবকাঠামো সুবিধাসহ বিভিন্ন বিধিবিধান যথাযথভাবে সম্পাদিত হওয়া উচিত বলে তিনি জানান।

ঢাকায় পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার আয়াজ মোহাম্মদ খান বলেন, জনস্বার্থে সম্পদের যথার্থ ব্যবহার নিশ্চিত করতে দু দেশের প্রতি পারস্পরিক সন্দেহ প্রতিহত হওয়া উচিত।

কিছু পণ্যের ক্ষেত্রে পাকিস্তান শূল্কহ্রাসের বিষয়টি বিবেচনা করছে এবং নেতিবাচক তালিকায় থাকা বাংলাদেশী পণ্যের বিষয়েও পুনর্বিবেচনা হচ্ছে বলে তিনি জানান।

২০০৪-- ০৫ অর্থবছরে দু দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল ২০২ দশমিক ০৪ মিলিয়ন মার্কিন ডলার। এক্ষেত্রে বাংলাদেশের রপ্তানি ছিল মাত্র ৬৩ দশমিক ১২ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে অধিকাংশই ছিল পাট ও পাটজাত পণ্য রপ্তানি। পাকিস্তানের রপ্তানি পণ্যের মধ্যে অধিকাংশই ছিল তাঁতজাত পণ্য।