এটর্নি জেনারেলের কার্যালয় থেকে রিট আবেদনের কপি নিখোঁজ, ‘দাড়িপাল্লা’ বরাদ্দ ইস্যুতে ৭ মে রায় দেবে আদালত
হাইকোর্ট বুধবার বিশেষ একটি রাজনৈতিক দলকে (জামায়াত ইসলামী বাংলাদেশ) নির্বাচনী প্রতীক হিসেবে ‘দাঁড়িপাল্লা’ বরাদ্দ প্রদানে বর্তমান নির্বাচনী বিধির বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিট আবেদনের রায় ঘোষণার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। ৭ মে রায় ঘোষণা করা হবে বলে আদালত জানিয়েছেন।
রিট আবেদনের কপি হারিয়ে যাওয়ায় সরকার পক্ষের কৌসুলির সময় প্রার্থনা করে করা আবেদনের প্রেক্ষিতে বিচারপতি আওলাদ আলী ও বিচারপতি জিনাত আরার সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বুধবার মামলার শুনানি ও রায় ঘোষণার তারিখ পুননির্ধারণ করেন।
‘দাড়িপাল্লা’ বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের মনোগ্রাম হওয়ায় একটি বিশেষ রাজনৈতিক দলকে নির্বাচনী প্রতীক হিসেবে দাড়িপাল্লা’ বরাদ্দ দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে মঙ্গলবার হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের পাঁচজন আইনজীবী ব্যারিস্টার মোকসেদুল ইসলাম, অ্যাডভোকেট এসএম ফজলুল হক, অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী, অ্যাডভোকেটে শামসুল আলম এবং অ্যাডভোকেট মোস্তফা জামান ইসলাম জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেন।
ওই বিচারপতিদ্বয়ের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রিট আবেদনের শুনানি শেষে বুধবার মামলার পরবর্তী শুনানি ও রায়ের দিন ধার্য করেন।
অতিরিক্ত এটর্নি জেনারেল ফিদা এম কামাল বুধবার আদালতকে বলেন, রাষ্ট্র পক্ষের কৌসুলিরা সরকারের পক্ষে পরবর্তী যুক্তিতর্ক উপস্থাপন করবেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদেরকে দেওয়া রিট আবেদনের কপি হারিয়ে গেছে।
রিট আবেদনের কপি এটর্নি জেনারেলের কার্যালয় বরাবর পাঠানো হয়েছি।
অতিরিক্ত এটর্নি জেনারেল আব্দুর রাজ্জাক খান, আব্দুল বাসেত ও গিয়াসউদ্দিন মিঠুসহ তিন ডেপুটি এটর্নি জেনারেল এবং গোলাম নূর তরুণসহ ছয়জন সহকারি এটর্নি জেনারেল বুধবার শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন। রিট আবেদনকারীর পক্ষে অ্যাডভোকেট মনজিল মুরশিদ আদালতে মামলা পরিচালনা করেন।
অ্যাডভোকেট মুরশিদ বুধবার বিডিনিউজকে বলেন, মামলার নিষ্পত্তি বিলম্বিত করার জন্য পরবর্তী যুক্তিতর্ক উপস্থাপন করার নামে সরকার সময় চেয়ে আরো সময় নষ্ট করছে।
