স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও: যুব সংগ্রাম কর্মীদের সঙ্গে পুলিশের বিক্ষিপ্ত সংঘর্ষ, ৯ মে বিদ্যুত অফিস ঘেরাও
যুব সংগ্রাম পরিষদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার বঙ্গবন্ধু এভিনিউ, জিপিও, জিরো পয়েন্ট, স্টেডিয়াম ও গুলিস্তান এলাকায় পুলিশের সঙ্গে কর্মীদের বিক্ষিপ্ত সংঘর্ষ, ধাওয়া -- পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং মৃদু লাঠিচার্জের ঘটনা ঘটে। এ ঘটনায় কমপক্ষে ১০/১২ জন নেতা কর্মী আহত হয়।
তবে যুব সংগ্রাম নেতাকর্মীরা পুলিশি ব্যারিকেড ভেঙ্গে মন্ত্রণালয় অভিমুখে যাওয়ার চেষ্টা করেননি। এসময় তারা জিপিও’র সামনের রাস্তায় দু’ঘন্টা অবস্থান করে। পুলিশ আগে থেকেই গুলিস্তান, জিরো পয়েন্ট, মুক্তাঙ্গন ও বঙ্গবন্ধু এভিনিউসহ সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল বন্ধ করে দেয়।
সন্ত্রাস, রাজপথে নারী কর্মী এবং সাংবাদিকদের ওপর পুলিশি নির্যাতনসহ বিভিন্ন ইস্যুতে সরকার বিরোধী যুব মোর্চা যুব সংগ্রাম পরিষদ দেশব্যাপী ঘেরাও কর্মসূচির ডাক দেয়। জেলা পর্যায়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়।
ঢাকায় কেন্দ্রীয়ভাবে যুব সংগ্রাম পরিষদের অন্তর্ভূক্ত সংগঠনের নেতাকর্মীরা সকাল ১১ টায় জিপিও’র সামনের রাস্তায় অবস্থান নেয়। এখানে রাস্তা অবরোধ করে দু’ঘন্টা ধরে সমাবেশ করে।
যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক সমাবেশ থেকে আগামী ৯ মে সারাদেশে বিদ্যুত কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন। এছাড়া আগামী ২১ মে ১৪ দলের ঢাকা অবরোধ কর্মসূচি সফল করতে যুব সংগ্রাম পরিষদ নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান।
জাহাঙ্গীর কবীর নানকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে যুবলীগ সাধারণ সম্পাদক মির্জা আজম এমপি ছাড়াও যুবনেতা নাজমুল হক প্রধান, রোকনুজ্জামান রোকন, করিম সিকদার, সাদাকাত হোসেন বাবুল, নাজমা আক্তার, অধ্যাপিকা অপুু উকিল, অ্যাডভোকেট নজিবুল্লাহ্ হিরু, মজিবুর রহমান চৌধুরী, মাহবুবুর রহমান হিরণ, এনায়েত কবির চঞ্চল, অ্যাডভোকেট এনামুল হক, এমএ সাইদ, আলমগীর হোসেন রতন, মহিউদ্দিন মহি, নুরুন্নবী চৌধুরী শাওন, মাইনুল হোসেন খান নিখিল ও সাবিনা আখতার তুহিন বক্তব্য রাখেন।
শান্তিপূর্ণ সমাবেশ শেষে নেতা কর্মীরা জিরো পয়েন্ট ঘুরে বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ের দিকে এগোলে পেছন থেকে কয়েকজন যুবক বিক্ষিপ্তভাবে ইটপাটকেল ছোঁড়ে। একই সময় স্টেডিয়াম গেটের দিকেও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়া হয়। জাসদ কার্যালয়ের সামনের রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে দেওয়া হয়। এসময় চারদিকে আতংক ছড়িয়ে পড়ে। নেতাকর্মী ছাড়াও সাধারণ পথচারিরা আতংকিত হয়ে দিগি¦দিক ছোটাছুটি শুরু করে।
পুলিশ প্রথমে অ্যাকশনে না গেলেও পরে ধাওয়া ও মৃদু লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
