জঙ্গি তৎপরতার সাথে কোনো আন্তর্জাতিক চক্র জড়িত আছে কিনা তা এখনই বলা যাবে না: সংসদে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, জঙ্গি তৎপরতার সাথে কারা জড়িত এবং কোনো আন্তর্জাতিক চক্র জড়িত আছে কিনা, তা এখনই বলা যাবে না। এ ব্যাপারে তদন্ত চলছে। যদি কোনো আন্তর্জাতিক চক্র এর সাথে জড়িত থাকে, তবে আমরা তা আন্তর্জাতিক বিশ্বকে জানাবো।
জাতীয় সংসদে বুধবার প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে সাংসদ মোয়াজ্জেম হোসেন আলালের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন।
প্রধান বিরোধী দল আওয়ামী লীগের সাংসদরা এসময় সংসদে উপস্থিত থাকলেও প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে যোগ দেননি।
প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিদের নেটওয়ার্ক ভেঙ্গে দেওয়া হয়েছে। তাদের সাথে কোনো আন্তর্জাতিক চক্রের যোগাযোগ থাকলেও তাদের সফল হতে দেওয়া হবে না। ইতোমধ্যেই তাদের কথিত দুই শীর্ষ নেতাসহ মজলিশ ই শূরার সকল সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহমেদ সম্প্রতি দেশে আবারো ডাকাতি, সড়ক পথে ছিনতাইসহ সন্ত্রাস বৃদ্ধির অভিযোগ করে সরকার কি পদক্ষেপ নিয়েছে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, দেশে বর্তমানে কোনো সন্ত্রাস নেই। সন্ত্রাস নির্মুলে সরকার ব্যাপক পদক্ষেপ নিয়েছে। ফলে এখন দেশের অবস্থা অনেক ভালো।
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরের সাফল্য ও অর্জন সম্পর্কে জাতীয় পার্টির মশিউর রহমান রাঙ্গার এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ভারত সফর অত্যন্ত সফল হয়েছে। এসময়ে দুদেশের মধ্যে বাণিজ্য সম্পর্কে একটি সংশোধিত চুক্তি ও মাদক চোরাচালান রোধ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
এছাড়া স্থল ও সীমান্ত চিহ্নিতকরণ ছিটমহল বিনিময়, অপদখলকৃত জমির মালিকানা হস্তান্তর, নিরাপত্তা ইস্যু, সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থান, নিরীহ বাংলাদেশীদের হত্যা বন্ধ, বাংলাভাষী নাগরিকদেরে পুশইন বন্ধ, বাণিজ্য ব্যবধান হ্রাস, অভিন্ন নদীর পানি বন্টন এবং উভয় দেশের সড়ক, রেল যোগাযোগ বিষয়ে আলোচনা হয়েছে।
রাঙ্গার এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫৪টি অভিন্ন নদীর পানি বন্টনের বিষয়েও ভারত সরকারের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রী জানান, ভারত সরকার টিপাইমুখে কোনো বাধ নির্মাণ না করার জন্যে আশ্বাস দিয়েছে। তবে তারা সেখানে বিদ্যুত উৎপাদনের জন্যে একটি বাধ দেওয়ার ব্যাপারে বাংলাদেশকে জানিয়েছে।
বিএনপির শামসুল আলম প্রমাণিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ সরকারের সন্ত্রাস বিরোধী অবস্থানের কারণে অনেক সন্ত্রাসী প্রতিবেশী ভারতে অবস্থান নিয়েছে। আমরা তাদের নাম ঠিকানাসহ একটি তালিকা ভারত সরকারের কাছে দিয়েছি। বন্দি বিনিময় চুক্তি না থাকায় তাদের ফিরিয়ে আনার ব্যাপারে কোনো সমাধান না হলেও ভারত সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে।
জামাতের আবু সাদি মোহাম্মদ সাদত হোসাইনের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি হ্রাসে আমরা তাদের সহায়তা চেয়েছি। তারা আমাদের দক্ষিণ পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে বাংলাদেশী পণ্যের বাজার সৃষ্টিতে সহায়তা করার আশ্বাস দিয়েছে। এছাড়া গৌহাটিতে একটি ট্রেড সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে।
