২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলের ধনবাড়ী, মধুপুর, গোপালপুরের লোকজনকে হয়রানি ও গ্রেপ্তার না করতে হাইকোর্টের নির্দেশ

কোনো আইনি প্রক্রিয়া ব্যতিরেকে টাঙ্গাইল জেলার ধনবাড়ী, মধুপুর ও গোপালপুরের নিরীহ লোকজনকে হয়রানি ও গ্রেপ্তার না করতে হাইকোর্ট মঙ্গলবার পুলিশকে নির্দেশ দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2006, 09:10 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

ড. আব্দুর রহমান রাজ্জাক এমপি’র জনস্বার্থে দায়েরকৃত রিট আবেদনের শুনানির পর বিচারপতি আওলাদ আলী ও বিচারপতি জিনাত আরার সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সাধারণ লোকদের হয়রানি ও গ্রেপ্তার করা থেকে সরকার ও পুলিশকে বিরত থাকতে অন্তর্বর্তী আদেশ প্রদানসহ রুল জারি করেন।

রুলে স্বরাষ্ট্র সচিব ও মহাপুলিশ পরিদর্শকসহ (আইজিপি) সাত সরকারি কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।

আবেদনকারী আদালতকে জানান, কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ২২ এপ্রিল ধনবাড়ী পানকাতা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এক জনসভার আয়োজন করে। জনসভা শুরুর আগে ক্ষমতাসীন বিএনপি’র যুব সংগঠন যুবদল একই স্থানে একই সময়ে সভা আহ্বান করলে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়।

তিনি আরো জানান, এ পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন জেলার ধনবাড়ী, মধুপুর ও গোপালপুর এলাকায় ১৪৪ ধারা জারি করে। কিন্তু আওয়ামী লীগ নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞা লঙ্ঘন করে সেখানে সভা করে।

এতে পুলিশ বাদী হয়ে ৪৬ আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামী করে মামলা দায়ের করে। তাদেরকে গ্রেপ্তার করতে পুলিশ ওই এলাকায় গণগ্রেপ্তার শুরু করে বলে আবেদনকারী উল্লেখ করেন। 

অ্যাডভোকেট এম ইনায়েতুর রহিম ও অ্যাডভোকেট শহীদুল ইসলাম আবেদনকারীর পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন।