তত্তাবাবধায়ক সরকার সংস্কারের নামে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: টাঙ্গাইলে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, বিরোধী দল তত্ত্বাবধায়ক সরকারের সংস্কারের অজুহাতে দেশে অশান্ত পরিবেশ সৃষ্টি করে আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।
মঙ্গলবার গোপালপুর ও ভুঞাপুরে পৃথক দু’টি জনসভায় ভাষণদানকালে প্রথানমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, সংস্কার নিয়ে আলোচনার প্রস্তাব দেওয়ার পর এখন নতুন করে জামায়াত বিরোধী ইস্যু তৈরি করে আলোচনার পথ বন্ধ করার পায়তারা চলছে।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে কিন্তু বিরোধী দল দেশের উন্নয়ন চায় না। তারা দেশকে তলাবিহীন রাষ্ট্রে পরিণত করতে চায়। আর এ জন্যই সংস্কার প্রশ্নে বিরোধী দল আলোচনায় বসতে চায় না।
আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে তত্ত্ববধায়ক সরকারের অধীনেই হবে। কোন ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করা যাবেনা এমন উক্তি করে খালেদা জিয়া প্রশ্ন তোলেন, তারা যখন ক্ষমতায় ছিলো তখন তত্ত্বাবধায়ক সরকার সংস্কার করেনি কেন?
এর আগে প্রধানমন্ত্রী উপজেলা সদরে বিদ্যুতের সাবস্টেশন ও ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ উদ্বোধন করেন।
দুপুরে গোপালপুরের সূতি ভিএম উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় সাংসদ তথ্য উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু’র সভাপতিত্বে জনসভায় বক্তৃতা করেন বস্ত্র ও পাটমন্ত্রী ব্যারিস্টার শাজাহান সিরাজ, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, এনজিও বিষয়ক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ, জেলা বিএনপি’র সভাপতি মেজর জেনারেল মাহমুদুল হাসান (অব.) এমপি, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বুলবুল, রাবেয়া সিরাজ, খোদেজা এমদাদ লতা এমপি।
বিকালে ভুঞাপুরে ইবরাহীম খাঁ কলেজ মাঠে জনসভায় সভাপতিত্ব করেন আবদুল খালেক মণ্ডল।
