২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটলের ‘অশালীন’ বক্তব্যের প্রতিবাদে সংসদ থেকে আ’লীগের ওয়াক আউট

বিএনপি’র সাংসদ যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের ‘অশালীন’ বক্তব্যের প্রতিবাদে সংসদের বিরোধী দলীয় এমপিরা রাত সোয়া আটটায় ওয়াক আউট করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2006, 08:47 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

মাগরিবের নামাজের বিরতির পর অনির্ধারিত বক্তব্য চলাকালে ফজলুর রহমান পটল সরকারের পক্ষ থেকে বক্তব্য দানকালে বলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী ‘পুলিশের হাতে কামড় দিয়েছেন, কর্মীরা ডান্ডা দিয়ে গাড়ি ভাংচুর করেছে।’  মহিলা যুবলীগ কর্মীদের হরতালের সময়ের আচরণকে অশালিন বলে ইঙ্গিত দিয়ে তিনি আরও বলেন, ‘এদের সামলান’।

ফজলুর রহমানের এ বক্তব্যের সাথে সাথে আওয়ামী লীগ সাংসদরা দাঁড়িয়ে প্রতিবাদ শুরু করেন ও বিক্ষোভ দেখান। তারা বার বার স্পিকারের দৃষ্টি আকর্ষণেরও চেষ্টা করেন। কিন্তু প্রতিবাদের মুখেও ফজলুর রহমান তার বক্তব্য চালিয়ে যান।

এক পর্যায়ে তার বক্তৃতা শেষ হলে বিরোধী দলীয় উপনেতা আব্দুল হামিদ খান ফ্লোর নিয়ে ফজলুর রহমানের রক্তব্যকে ‘অশালীন, অসভ্য ও কুরুচিপূর্ণ’ উল্লেখ করে তা প্রত্যাহার করে নেওয়ার দাবি জানান এবং সংসদ থেকে দলীয় সদস্যদের নিয়ে ওয়াক আউট করেন।

এর আগে এক ঘন্টা দশ মিনিটের অনির্ধারিত আলোচনায় অংশ নেন বিরোধী দলের সাংসদ আবদুর রাজ্জাক, মোহাম্মদ নাসিম, শেখ সেলিম, সুরঞ্জিত সেনগুপ্ত এবং বিকল্প ধারার মাহী বি চৌধুরী।

অনির্ধারিত আলোচনায় দ্রব্যমূল্যের উর্ধগতি, আইন- শৃংখলা পরিস্থিতির অবনতি, কানসাটে নির্যাতন, চট্টগ্রামে সাংবাদিকের ওপর হামলা, বি. চৌধুরীর বাড়িতে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন ইস্যু উঠে আসে।