২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে: জয়

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2006, 07:12 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

নগরীর একটি হোটেলে মঙ্গলবার আওয়ামী যুবলীগের নেতাদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগকে ‘অ্যাকশন ফোর্স’ উল্লেখ করে বলেন, আগামী নির্বাচনে ভোট কারচুপি ঠেকাতে প্রতিটি কেন্দ্রে মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে। প্রত্যেকের ভোটের অধিকার রক্ষা করতে হবে। সন্ত্রাস প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

যুবলীগের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মির্জা আজম এমপিসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য রাখেন। তারা যুবলীগের সাংগঠনিক অবস্থা ব্যাখ্যা করে সারাদেশে সংগঠনের নেতাকর্মীদের ওপর জোট সরকারের অত্যাচার, নির্যাতন ও নিপীড়নের চিত্র তুলে ধরেন। এ ব্যাপারে তারা সজীব ওয়াজেদ জয়ের পরামর্শ জানতে চান।

জয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও ভোটাধিকারের ব্যাপারে সজাগ থাকার পরামর্শ দিয়ে বলেন, আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সন্ত্রাস, দুর্নীতি, দলীয়করণ ও অপশাসন থাকবে না।

জয় বলেন, পৃথিবীর কোনও গণতান্ত্রিক দেশে উচ্চ আদালতের রায় অমান্য করার ঘটনা ঘটেনি। অথচ বাংলাদেশে উচ্চ আদালতের রায় অমান্য করে ভোটার তালিকা তৈরি করা হয়েছে।

তিনি প্রশ্ন রেখে বলেন, চারবছরের জোটের শাসনে কত মানুষ বোমায় জীবন দিয়েছে? স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নয় হাজার সাত শ’ মৃত্যুর কথা স্বীকার করেছেন।

ক্ষমতায় গেলে সন্ত্রাস, দুর্নীতি ও মুদ্রাস্ফীতি কমিয়ে আনা হবে এবং বেকারদের চাকরির ব্যবস্থা করা হবে বলে তিনি জানান। এছাড়া পাঁচ, দশ বা পনের বছরের লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যেতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

জয় বলেন, আগামীতে তরুণ প্রজন্মই উন্নত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এগিয়ে যাবে। এক্ষেত্রে তরুণদের তথ্যপ্রযুক্তিতে প্রশিক্ষিত করার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।