ইবি’র যুগান্তর প্রতিনিধিকে হত্যার হুমকি দিয়েছে ছাত্রদল
দৈনিক প্রথম আলোর ইসলামি বিশ্ববিদ্যালয় (ইবি) প্রতিনিধি তুহিন আযমের ওপর সন্ত্রাসী হামলার দেড় মাসের মাথায় এবার দৈনিক যুগান্তরের প্রতিনিধি একরামুল ইসলাম বিপ্লবকে মোবাইল ফোনে হত্যার হুমকি দিয়েছেন ছাত্রদল ইবি শাখার সভাপতি মমিনুল ইসলাম মমিন।
যুগান্তর পত্রিকায় ছাত্রদলের কর্মকাণ্ড সংক্রান্ত সংবাদ প্রকাশিত হওয়ার পর মঙ্গলবার দুপুর একটার দিকে ছাত্রদল সভাপতি মমিন নিজ মোবাইল ফোন (০১৭১১-৯৪২৭৮৩) থেকে যুগান্তর প্রতিনিধিকে হত্যার হুমকি দেন।
ইবি’র সকল সাংবাদিক মঙ্গলবার এক জরুরি সভায় এ ঘটনার নিন্দা জানান এবং ছাত্রদলের সকল ইতিবাচক সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেন। পরে তারা ছাত্রদল সভাপতির দৃষ্টান্তমূলক ও ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তাসহ তিন দফা দাবিতে উপাচার্য অধ্যাপক এম রফিকুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন।
