২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধ কর্মসুচির কারণে চবি শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত

মৎস্য বিজ্ঞান বিভাগকে সামুদ্রিক বিজ্ঞান ইনস্টিটিউটের সাথে অঙ্গভূক্ত করার দাবিতে অনির্দিষ্ট কালের জন্যে অবরোধ কর্মসূচি আহ্বান করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মঙ্গলবারের পূর্বনির্ধারিত নির্বাচন স্থগিত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2006, 05:11 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

নির্বাচন কমিশন হঠাৎ করে প্রজ্ঞাপন জারির মাধ্যমে নির্বাচন স্থগিত করায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের ও প্রগতিশীল অংশের শিক্ষকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।

ক্ষমতাসীন বিএনপি ও জামায়াতপন্থি শিক্ষক ও শিক্ষার্থীদের মঞ্চ মৎস্য বিজ্ঞান ও সামুদ্রিক বিজ্ঞান ইনস্টিটিউট বাস্তবায়ন পরিষদ মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনির্দিষ্টকালের জন্যে অবরোধ কর্মসূচি আহ্বান করে।

মুক্তিযুদ্ধের পক্ষের ও প্রগতিশীল সংগঠনের (হলুদ প্যানেলের) নেতৃবৃন্দ নির্বাচন স্থগিত করাকে পূর্বপরিকল্পিত বলে আখ্যায়িত করেছেন।

হলুদ প্যানেলের সমন্বয়ক অধ্যাপক হেলালউদ্দিন নিজামী বলেন, বিএনপি - জামাত সমর্থিত শিক্ষকদের একটি অংশ নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে আন্দোলনের সাথে সরাসরি জড়িত।

তিনি বলেন, জামাত ও বিএনপি সমর্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের পৃষ্ঠপোষকতা ছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রায় অচল হয়ে যাওয়া নজিরবিহীন ঘটনা।

চবি শিক্ষক সমিতির ১১ সদস্যবিশিষ্ট কমিটির জন্যে হলুদ প্যানেল (আলম-কবীর) ও সাদা প্যানেল (সিদ্দিকী-আলী) প্রতিদ্বন্দ্বিতা করছে।

এদিকে অবরোধ কর্মসূচির প্রেক্ষিতে চবি’র একাডেমিক কার্যক্রমে পুরোপুরি অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক তালাবদ্ধ থাকায় শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের নিজ নিজ বিভাগে পৌঁছাতে পারেননি।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার রাত ৯টা থেকে তিন ঘন্টারও বেশি সময়ের জন্যে শহর ও বিশ্ববিদ্যালয়ের মধ্যকার চলাচলকারী শাটল ট্রেনের চালক আব্দুল হাই ও তার সহকারী রফিকুল ইসলামকে অবরুদ্ধ করে রাখে। তারা ট্রেনের চাবি ছিনিয়ে নেয়। অবশ্য পরবর্তীতে রাত সাড়ে ১২টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়।

রেলওয়ে সূত্র জানায়, ট্রেনের চালক ও সহকারি চালক বন্দিদশা থেকে মুক্ত হয়ে শহরে ফিরতে সক্ষম হলেও আটকে রাখা শাটল ট্রেনকে বিশ্ববিদ্যালয় স্টেশনে রেখে আসতে হয়েছে।

স্টেশন মাস্টার মোখলেসুর রহমান জানান, বিশ্ববিদ্যালয় স্টেশনে আটকে পড়া ট্রেনটি না সরানোয় শহর ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

অবরোধ কর্মসূচির কারণে শহর ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাস চলাচলও বন্ধ রয়েছে। ফলে মঙ্গলবার কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

সামুদ্রিক বিজ্ঞান ও মৎস্য বিজ্ঞান ইনস্টিটিউট বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক জাকির হোসেন বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক বিজ্ঞান বিভাগের নাম পরিবর্তন করে সামুদ্রিক বিজ্ঞান ও মৎস্য বিজ্ঞান ইনস্টিটিউট রাখা ও শিক্ষার্থীদেরকে সে অনুযায়ী সনদ প্রদান করতে পরিষদ দাবি জানিয়েছে।