প্রধানমন্ত্রীর কাছে দেশ ও দেশবাসী বড় নয়, জামায়াতই বড়: মোস্তফা আমীর ফয়সল
জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী বলেছেন, সংলাপ আলোচনার প্রস্তাবিত কমিটিতে জামায়াতকে অন্তর্ভুক্ত করায় প্রমাণ হল প্রধানমন্ত্রীর কাছে দেশ ও দেশবাসী বড় নয়, জামায়াতই বড়।
ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে হযরত শাহ শাহসুফি খাজাবাবা ফরিদপুরী ছাহেবের পবিত্র ফাতেহা শরিফের সমাপনী দিনে সোমবার বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।
২০০১ সালের ১ মে মাসে হযরত শাহসুফি খাজাবাবা ফরিদপুরীর ওফাত হয়। এ ওফাত দিবস উদযাপনের লক্ষ্যেই বিশ্ব জাকের মঞ্জিলে দু দিনব্যাপী ফাতেহা শরিফ অনুষ্ঠিত হয়।
ফাতেহা শরিফে সমবেতদের উদ্দেশে তিনি বলেন, বন্ধুপ্রতীম দেশ, দাতা দেশ, দাতা সংস্থাসহ দেশি-বিদেশি পর্যবেক্ষক ও দেশপ্রেমিক সকল রাজনৈতিক দল যখন দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলছে, সরকার তাতে কর্ণপাত না করে একগুয়েমিই বজায় রাখছে।
মুজাদ্দেদী বলেন, সরকারের দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে কানসাটে জনতার হাতে লাঠি উঠেছে। প্রয়োজনে জাকের পার্টির নেতৃত্বে সেই লাঠি উঠবে সারা দেশে।
