দেশের বিভিন্ন স্থানে বিদ্যুত অফিস ঘেরাওকালে সংঘর্ষ, আহত ১৫০ জন
দেশের বিভিন্ন স্থানে রোববার ১৪ দলের ডাকে বিদ্যুত অফিস ঘেরাও কর্মসূচী বিচ্ছিন্ন সংঘর্ষের মধ্য দিয়ে পালিত হয়েছে।
দেশব্যাপী ভয়াবহ বিদ্যুত বিপর্যয়ের প্রতিবাদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল এই কর্মসূচির ডাক দেয়।
সিরাজগঞ্জ ও পিরোজপুরে বিরোধী নেতাকর্মীদের ওপর পুলিশ ও বিএনপি ক্যাডারদের হামলার ঘটনা ছাড়া সারাদেশে বিরোধী দলগুলোর এ কর্মসূচি সফল হয়েছে।
বিডিনিউজ সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, রোববার সকালে আওয়ামী লীগের মিছিলে পুলিশ ও বিএনপি ক্যাডাররা যৌথভাবে হামলা চালালে অন্তত ১০০ জন আহত হয়।
আওয়ামী লীগের সমর্থকরা বিদ্যুতের দাবিতে জেলা বিদ্যুত অফিস ঘেরাও করতে গেলে তাদের ওপর এই হামলা হয়। পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে দফায় দফায় টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ এবং লাঠিচার্জ করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১০ টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাজার স্টেশন রোডের দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে বের হয়। তারা বাহিরগোলা এলাকায় পৌঁছালে সেখানে পুলিশ ব্যারিকেড দেয়।
পরে পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে দফায় দফায় টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ এবং লাঠিচার্জ করলে পুরো এলাকা পরিনত হয় রণক্ষেত্রে। দুপক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল বিনিময়ের ঘটনা ঘটে।
এক পর্যায়ে বিএনপি সমর্থকরা একটি মিছিল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সঙ্গে যৌথভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের ওপর হামলা চালায়।
এ সব হামলা ও সংঘর্ষে অন্তত ১০০ জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
বিডিনিউজ বরিশাল প্রতিনিধি জানান, পিরোজপুরে কর্মসূচি চলাকালে আওয়ামী লীগ নেতাকর্র্মীদের ওপর বিএনপি ক্যাডারদের হামলায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে পাঁচজনকে বরিশাল ও পিরোজপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনান্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
বিডিনিউজ কুড়িগ্রাম, সাভার ও নরসিংদী প্রতিনিধি জানান, ওইসব এলাকায় কোনোরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিরোধী দলগুলোর ঘেরাও কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
