২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের ব্যাপারে সরকারের আবেদন সুপ্রীম কোর্টের প্রত্যাখ্যান

দেশের বিভিন্ন জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের ব্যাপারে হাইকোর্টের আদেশ স্থগিত রাখতে সরকারের দাখিলকৃত আবেদন প্রত্যাখ্যান করেছে সুপ্রীম কোর্ট। হাইকোর্টের আদেশে জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের নিয়োগের বিষয়টিকে বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2006, 09:19 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

হাইকোর্টের আদেশ স্থগিত করার আবেদন জানিয়ে সরকার সুপ্রীম কোর্টে একটি লিভ টু আপিল দায়ের করে। আপিলের শুনানি শেষে রোববার আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি আমিরুল কবির চৌধুরী সরকারের আবেদন খারিজ করে দেন।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল আদালতে তার আবেদনে বলেন, প্রজ্ঞাপনের মাধ্যমে মন্ত্রী, উপদেষ্টা, চিফ হুইপ, প্রতিমন্ত্রী, হুইপ, ও উপমন্ত্রীদের যে দায়িত্ব প্রদান করা হয়েছে তা কোনও নিয়োগ নয়। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কর্মকা- পরিদর্শনের জন্য সাধারণ প্রতিনিধিত্ব দেওয়া হয়েছে। আবেদনকারী আনোয়ার হোসেন মঞ্জুকেও এ ধরনের দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি সেটিকে চ্যালেঞ্জ করেননি।

আবেদনে অ্যাটর্নি জেনারেল আরও বলেন, কোনও রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য এ প্রজ্ঞাপন জারি করা হয়নি। এর মাধ্যমে স্থানীয় সাংসদদের সাংবাবিধানিক অধিকারও খর্ব করা হয়নি বলে তিনি জানান।

লিভ টু আপিলে বলা হয়, ২০০১ সালে জারি করা প্রজ্ঞাপনকে আনোয়ার হোসেন মঞ্জু তার আবেদনে আশির দশকের গোড়ার দিকে জেনারেল এইচএম এরশাদের সামরিক আইনের সাথে তুলনা করলেও এর স্বপক্ষে কোনও প্রমাণ উপস্থিত করতে পারেননি।

জাতীয় পার্টির (মঞ্জু) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি দায়ের করা পৃথক দুটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এবিএম খায়রুল হক ও বিচারপতি এটিএম ফজলে কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ ২৭ এপ্রিল জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের নিয়োগের বিষয়টিকে অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করেন।

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমানের স্থলে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী শাহ মোহাম্মদ আবুল হোসেনকে ২০০১ সালের ১৩ নভেম্বর মন্ত্রিপরিষদের এক প্রজ্ঞাপনের মাধ্যমে পিরোজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে নিয়োগ প্রদান করা হয়। হাইকোর্ট তাদের নিয়োগের বিষয়টিকে অবৈধ ঘোষণা করে। জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৩ সালের ১৮ মে আনোয়ার হোসেন মঞ্জু একটি রিট আবেদন দায়ের করেন।

রিট আবেদনকারীর পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও অ্যাড. এমকে রহমান।