শান্তা নির্যাতন মামলার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে এএইচআরসি
বিরোধী দলের হরতাল চলাকালে ১২ মার্চ শান্তার ওপর পুলিশি বর্বরতাকে ‘অমার্জনীয়’ আখ্যায়িত করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে হংকং ভিত্তিক মানবাধিকার সংগঠন এশিয়ান হিউম্যান রাইটস কমিশন (এএইচআরসি)।
এএইচআরসি এক চিঠিতে শান্তা নির্যাতনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট থেকে একজন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য বাদ দেওয়া এবং প্রতিবেদনে ভুল তথ্য প্রদান করায় বিচার বিভাগীয় তদন্ত কমিটিকে দায়ী করেছে।
ঘটনার পর হাইকোর্টের এক আদেশে ১৪ জন সরকারি কর্মকর্তাকে দায়ী করে কেন তাদের বিরুদ্ধে সংবিধান ও প্রচলিত অন্যান্য আইন লঙ্ঘনের অভিযোগ আনা হবে না-- সে ব্যাপারে দুই সপ্তাহের মধ্যে কারণ দর্শাতে বলে। ১৪ জন সরকারি কর্মকর্তার মধ্যে স্বরাষ্ট্র সচিব এবং পুলিশের মহাপরিদর্শক রয়েছেন।
প্রধানমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে বলা হয়, আদালতের বেঁধে দেওয়া সময়সীমা ইতোমধ্যে অতিবাহিত হয়ে গেলেও আদালতকে কোনও জবাব পাঠানো হয়নি।
ঘটনার পর ম্যাজিস্ট্রেট শফিক আনোয়ারের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি ৩০ মার্চ তাদের রিপোর্ট প্রদান করে।
রিপোর্টের ব্যাপারে বাদি শান্তা নারাজি প্রদান করলে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন চতুর্থ বিশেষ ট্রাইবুনালের ম্যাজিস্ট্রেট মুখ্য মহানগর হাকিমকে সম্পূরক তদন্ত রিপোর্ট প্রদানের আদেশ প্রদান করে।
মানবাধিকার সংগঠনের চিঠিতে বলা হয়, আমরা জানতে পেরেছি, ঘটনার মূল হোতাদের একজন ঢাকা মহানগর পুলিশের উপ--কমিশনার (পশ্চিম) কোহিনূর মিয়া আলামত নষ্ট করতে ঘটনাস্থলের ভবন ও দোকানপাটের সাজসজ্জা পাল্টানোর জন্যে টাকা দিয়েছেন।
এএইচআরসি’র জরুরি আবেদন কর্মসূচির সমন্বয়কারী ক্যাট হার্স্ট স্বাক্ষরিত চিঠির কপি প্রধান বিচারপতি, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং মুখ্য মহানগর হাকিমের কাছেও পাঠানো হয়। একই চিঠি বিশ্বের বিভিন্ন সংগঠনের কাছেও পাঠানো হয়েছে।
চিঠিতে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের রিপোর্টের বিকৃতি বন্ধ এবং শান্তা ও তার স্বামীর নিরাপত্তা নিশ্চিত করার জন্যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
