২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে দুই বিচারক হত্যা মামলা: জেএমবি’র শীর্ষ নেতাদের উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ

ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে  রোববার শায়খ আব্দুর রহমান ও বাংলা ভাইসহ জেএমবি’র শীর্ষ নেতাদের উপস্থিতিতে দুই বিচারক হত্যা মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2006, 03:50 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

সাক্ষ্যদাতা আটজনের মধ্যে প্রথমে সাক্ষ্য দেন জঙ্গি হামলায় নিহত সিনিয়র সহকারি জজ জগন্নাথ পাঁড়ের স্ত্রী পল্লব মুখার্জী। সাক্ষ্যদানকালে তিনি কান্নায় ভেঙে পড়ে আসামীদের প্রতি ঘৃণায় থুতু নিক্ষেপ করেন। তিনি আসামীদের কঠিন শাস্তিও দাবি করেন।

এর আগে নজিরবিহীন নিরাপত্তার মধ্যে দিয়ে জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমান, সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই, সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানি, শূরা সদস্য আব্দুল আউয়াল ও খালেদ সাইফুল্লাহ, সুইসাইড স্কোয়াডের সদস্য ইফতেখার হাসান ওরফে শিহাব, ওরফে আল মামুন এবং ঝালকাঠির কৃষ্ণকাঠির বাসিন্দা সুলতান হোসেন খান -- এই সাতজন আসামীকে আদালতে হাজির করা হয়।

নিহত বিচারকের স্ত্রী পল্লব মুখার্জি ছাড়াও রোববার আদালতে সাক্ষ্যদাতাদের মধ্যে বোমা হামলায় আহত দুধ বিক্রেতা বাদশা মিয়া, রূপতলির দারুস সালাম জামে মসজিদের ইমাম মওলানা সিরাজুল ইসলাম, দক্ষিণ আলেকান্দারের রওশান আরা, রূপতলির নাজমুল হুদা লিটন -- প্রমুখ রয়েছেন।

বিচারক রেজা তারিক আহমেদ, পিপি অ্যাডভোকেট হায়দার হোসাইন ও স্টেট ডিফেন্স আইনজীবী সিদ্দিক হোসেন সাক্ষীদের জেরা করেন।

বিচারক আগামী ২ মে মামলার শুনানীর নতুন তারিখ ধার্য করেন।