২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোকবল ও সম্পদের অভাব এবং রাজনৈতিক বাধায় সন্ত্রাসবিরোধী কার্যক্রম ব্যাহত

গুরুতর প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা, লোকবল ও সম্পদের অভাব এবং রাজনৈতিক প্রতিবন্ধকতার কারণে নিষিদ্ধঘোষিত ইসলামী জঙ্গি সংগঠন জেএমবি’র সন্ত্রাসী কর্মকা- মোকাবেলায় বাংলাদেশ সরকার পর্যাপ্ত সাফল্য অর্জন করতে পারছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2006, 06:46 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

সন্ত্রাস সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, অরক্ষিত সীমান্ত, বিদ্যমান দুর্নীতি এবং দুটি প্রধান রাজনৈতিক দলের মধ্যকার ক্ষতিকর দ্বন্দ্ব সরকারের বৃহত্তর সন্ত্রাসবিরোধী ভূমিকাকে ক্ষুণœ করে চলেছে।

সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, অভ্যন্তরীণ সন্ত্রাসবাদের সাথে সম্পর্কিত কয়েকটি ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে সহযোগিতা বিনিময় হয়েছিল।

এতে বলা হয়, মার্কিন কারিগরি সহায়তায় বাংলাদেশ ২০০৫ সালে একটি নতুন ও পূর্ণাঙ্গ অর্থ পাচার রোধ সংক্রান্ত আইন প্রণয়ন করেছে। বাংলাদেশ স্থল, সমুদ্র ও বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে।

এতে বলা হয়, তবে যুক্তরাষ্ট্রের নাগরিক বা স্বার্থের বিরুদ্ধে আন্তর্জাতিক সন্ত্রাসী কর্মকা-ের তদন্ত বা বিচারের ব্যাপারে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে কোনো আনুষ্ঠানিক চুক্তি নেই। বাংলাদেশে কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন নেই বলে ঢাকা বারবার যে দাবি করে করে আসছে, প্রতিবেদনে তা উল্লেখ করা হয়েছে।

২০০৫ সালে জেএমবি’র উত্থান সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে জেএমবি নামের ভয়ঙ্কর এক জঙ্গি সংগঠনের উত্থান ঘটেছে। মৌলবাদী ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্যে সংগঠনটি সারা দেশে বিভিন্ন গোষ্ঠীর ওপর সমন্বিত হামলা চালায়।

জেএমবি’র আত্মঘাতী বোমা হামলাকারীদের ১৭ আগস্ট দেশব্যাপী হামলার উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, বোমা হামলার ঘটনাস্থলে যে লিফলেট পাওয়া পাওয়া যায়, তাতে বলা হয়, বিচারক, সরকারি কর্মকর্তা, রাজনীতিক ও মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ ইসলামের অন্যান্য শত্রুদের খতম করা হবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকার জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমান, বাংলা ভাই ও জেএমবি’র সামরিক কমান্ডার আতাউর রহমান সানিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। 

বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশ ও বিদেশে বিভিন্ন ফোরামে সন্ত্রাসবাদকে নিয়মিতভাবে নিন্দা জানান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এতে বলা হয়, সরকার জেএমবি, জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি) ও হরকাতুল জিহাদী ইসলামীর (হুজি-বি) ওপর আরোপকৃত নিষেধাজ্ঞা নবায়ন করেছে।

এতে বলা হয়, বাংলাদেশ সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী যুদ্ধের প্রতি সমর্থন ব্যক্ত করেছে এবং ২০০৫ সালে সন্ত্রাসবাদ সম্পর্কিত জাতিসংঘের নয়টি অতিরিক্ত সনদের সঙ্গে যুক্ত হয়েছে। একমাত্র ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য সাপ্রেশন অব নিউক্লিয়ার টেরররিজমে বাংলাদেশ স্বাক্ষর করেনি।

মার্কিন যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার ব্যাপারে বলা হয়েছে, আফগানিস্তান, পাকিস্তান, ভারত ও বাংলাদেশে সন্ত্রাসীদের উপস্থিতি দেখা গেলেও ২০০৫ সালে দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে উৎসাহব্যঞ্জক লক্ষ্মণ দেখা গেছে।

এতে বলা হয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্যে দক্ষিণ এশিয়ার অংশীদারীদের সক্ষম করে তুলতে মার্কিন যুক্তরাষ্ট্রের গৃহীত কর্মসূচি খুবই কার্যকর ছিল। আফগানিস্তানে জাতীয় পরিষদের সফল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশটিতে জঙ্গিদের নেটওয়ার্ক ভেঙে দেওয়া এবং তাদের সমাজে পুনর্বাসন করার জটিল প্রক্রিয়া শুরু হয়েছে।

দক্ষিণ এশিয়ার বৃহত্তম রাষ্ট্র ভারত সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন সংগঠনের সন্ত্রাসীরা ২০০৫ সালে ভারতে শত শত হামলা চালিয়েছে। সামরিক, কূটনৈতিক, আইন প্রয়োগকারী সংস্থা ও মানবিক সহায়তা কর্মীর ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত সহযোগিতা বৃদ্ধি করেছে।