২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভেস্তে যাচ্ছে সংস্কার সংলাপ: বিএনপির চিঠি প্রত্যাখ্যান, প্রস্তাবিত কমিটির সঙ্গে বসবেনা ১৪ দল

তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার ইস্যুতে ১৪ দল বিএনপির দেওয়া চিঠি আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে। ওই চিঠিতে সংস্কারের প্রশ্নে আলোচনার জন্য জামায়াতসহ চার দলীয় জোটের সকল শরীকের প্রতিনিধিত্ব রেখে বিএনপি একটি কমিটি গঠনের প্রস্তাব করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2006, 03:09 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

কিন্তু বিরোধী দল ওই প্রস্তাবিত পাঁচ সদস্যের কমিটির সঙ্গে কোনো বৈঠকে বসবে না। ফলে গুরুত্বপূর্ণ এই ইস্যুতে সরকার ও বিরোধী দলের মধ্যে সম্ভাব্য সংলাপের সম্ভাবনা কার্যত ভেস্তে গেল।

১৪ দলের এক বৈঠক শেষে শনিবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি প্রেস ব্রিফিংয়ে বলেন, জনগণের দাবি উপেক্ষা করে ‘জঙ্গিবাদের মদদদানকারী স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধী’ জামায়াতের প্রতিনিধিকে প্রস্তাবিত কমিটিতে রেখে সরকার দেশবাসীর সঙ্গে তামাশা করেছে। সংলাপের জন্য ওই সকল নাম গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, ‘তাদের সঙ্গে আলোচনায় বসার প্রশ্নই ওঠে না। কারণ জঙ্গিবাদী, যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসা, আর বাংলা ভাই বা শায়খ আব্দুর রহমানের সঙ্গে বসা -- একই কথা।’

আব্দুল জলিলের গুলশানের বাসভবনে অনুষ্ঠিত ওই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, এ ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়ে ১৪ দল শিগগিরই বিএনপিকে চিঠি পাঠাবে।

প্রায় দেড় ঘন্টার ওই সভায় আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আব্দুল জলিলের কাছে শনিবার স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মান্নান ভূঁইয়ার দেওয়া চতুর্থ চিঠিতে যে পাঁচজন প্রতিনিধির নাম দেওয়া হয়েছে, তারা হচ্ছেন: স্বাস্থ্য মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, চিফ হুইপ খোন্দকার দেলোয়ার হোসেন, সমাজকল্যাণ মন্ত্রী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, ইসলামী ঐক্য জোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী এমপি এবং বিজেপির একাংশের মহাসচিব সাইফুর রহমান।

আব্দুল জলিল সাংবাদিকদের বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আমরা সংস্কার প্রস্তাব দিয়েছি। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর প্রস্তাবে সাড়া দিয়ে কমিটি গঠন করার জন্য আমরা ১৪ দলের পক্ষ থেকে আওয়ামী লীগের পাঁচজন শীর্ষ স্থানীয় নেতার নাম পাঠাই। সরকারি জোটের পক্ষেও অনুরূপ বিএনপি’র পাঁচজন সদস্যের নাম দেওয়ার প্রস্তাব দেই আমরা। কিন্তু বিএনপি শুক্রবার যে চিঠি পাঠিয়েছে, তা জনগণ প্রত্যাশা করেনি।

তিনি বলেন, চিঠিতে সংলাপের জন্য যে নাম পাঠানো হয়েছে, তা জনগণের সঙ্গে তামাশা ও প্রতারণা ছাড়া আর কিছুই নয়। সংস্কারের দাবিতে আমরা যে আন্দোলন সংগ্রাম করছি, এই চিঠির মাধ্যমে তার সঙ্গেও তামাশা করা হয়েছে।

আব্দুল জলিল বলেন, রাজপথের আন্দোলনের মাধ্যমেই আমরা দাবি আদায় করবো। সংস্কার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।