২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে মন্ত্রী আলতাফ ও হাফিজ সমর্থকরা মুখোমুখি

সাবেক বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর স্থলে বাণিজ্য মন্ত্রী পদে হাফিজউদ্দিন আহমেদকে নিয়োগের পর পটুয়াখালীতে উভয়ের সমর্থকরা মুখোমুখি অবস্থান করছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2006, 09:25 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

দলের প্রতিপক্ষ নেতাদের দমন ও নির্যাতনের অভিযোগে এর আগে এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীকে সরিয়ে পানি সম্পদমন্ত্রী হাফিজ উদ্দিনকে জেলার দায়িত্ব দেওয়া হলে বিদ্যমান দুটি গ্রুপের মধ্যে প্রতিদ্বন্দিতা তীব্র আকার ধারণ করে। ওই সময় বাণিজ্য মন্ত্রীর বিরোধী পিনু--কুট্টি গ্রুপ মেজর হাফিজকে স্বাগত জানিয়ে পটুয়াখালীতে আনন্দ মিছিল বেড় করে। জবাবে বাণিজ্য মন্ত্রীর সমর্থক ছাত্রদল, যুবদল, শ্রমিকদল ও কৃষক দল পৃথক পৃথক সমাবেশে পানি সম্পদ মন্ত্রীকে অবাঞ্চিত ঘোষণা করে।

২৪ এপ্রিল প্রধানমন্ত্রী খালেদা জিয়া হঠাৎ করে আলতাফ হোসেন চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে অপসারণ করলে আলতাফ হোসেন বিরোধী শত শত নেতা--কর্মী রাস্তায় নেমে আসে। গভীর রাত পর্যন্ত স্থানীয় পুরাতন আদালত মাঠে তারা মিষ্টি বিতরণ করে উল্লাস প্রকাশ করে।

এদিকে শনিবার আলতাফ হোসেন চৌধুরীর পটুয়াখালী সফর উপলক্ষে তার সমর্থকরা বড় আকারের শো-ডাউন করার প্রস্তুতি নিচ্ছে। অপরদিকে তার বিরোধী পিনু-কুট্টি গ্রুপও বর্তমান বাণিজ্য মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে জমকালো সংবর্ধণা দেওয়ার প্রস্তুতি নেওয়ায় পটুয়াখালীতে উত্তেজনার সৃষ্টি হয়েছে।