সিরাজগঞ্জে রাজনৈতিক পোস্টার ছেঁড়া নিয়ে সংঘর্ষে আহত ৫০
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের ব্যঙ্গচিত্রের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে সিরাজগঞ্জ পৌর এলাকায় শুক্রবার দুই মহল্লার মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মুক্তার প্ল্যাজা মোড়ে ভাঙ্গাবাড়ি মহল্লার কেরামত কমিশনারের ছেলে দুলাল ও তার সঙ্গীরা দেয়ালে লাগানো মোহাম্মদ নাসিমের ব্যাঙ্গ চিত্রের পোস্টার ছেঁড়ার সময় দিয়ারধানগড়ার রাজ্জাক মাস্টারের ছেলে রাজিব ও তার দলবল বাঁধা দেয়। এর এক পর্যায়ে দুলালকে পিটিয়ে আহত করা হয়।
শুক্রবার সকালে রাজীব তার দলবল নিয়ে ভাঙ্গাবাড়ি মহল্লায় আক্রমন চালালে সংঘর্ষ বাঁধে। এসময় চার পাঁচটি বাড়ি লুটপাট, অগ্নিসংযোগসহ, ভাংচুর ও বোমা ফাটানো হয়।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় টিয়ার সেল নিক্ষেপ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল। ঘটনাস্থল থেকে চার পাঁচজনকে পুলিশ আটক করেছে।
