টঙ্গী পৌরসভা নির্বাচনে আ’লীগ প্রার্থী আজমতউল্লাহ পুনরায় চেয়ারম্যান নির্বাচিত
টঙ্গী পৌরসভা নির্বাচনে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আজমতউল্লাহ খান বেসরকারিভাবে চেয়ারম্যান বিজয়ী হয়েছেন।
এ নিয়ে তিনি পর পর তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন।
বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই নির্বাচনে আজমতউল্লাহ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম সরকারকে ৯ হাজার ৪৫ ভোটে পরাজিত করেন।
তিনি পেয়েছেন ৪৬ হাজার ৬৪৪ ভোট, অপরদিকে নুরুল ইসলাম সরকার পেয়েছেন ৩৭ হাজার ৫৯৯ ভোট। বিএনপি সমর্থিত প্রার্থী হাফিজউদ্দিন সরকার পেয়েছেন মাত্র ৭ হাজার ৫৯০ ভোট।
নুরুল ইসলাম সরকার আওয়ামী লীগ সাংসদ আহসানউল্লাহ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামী।
এছাড়াও ওয়ার্ড কমিশনার পদে ১২টি ওয়ার্ডের মধ্যে ১১টিতেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তারা হলেন- আব্দুল আলী মোল্লা (ওয়ার্ড--১), সেলিম খান (ওয়ার্ড--২), নাসিরুদ্দিন মোল্লা (ওয়ার্ড--৩), নজরুল ইসলাম (ওয়ার্ড--৫), আবুল হোসেন (ওয়ার্ড--৬), ইসমাইল হোসেন (ওয়ার্ড--৭), আসাদুজ্জামান কিরণ (ওয়ার্ড--৮), সাদেক আলী (ওয়ার্ড--৯), নুরুল ইসলাম নুরু(ওয়ার্ড--১০), আবু বকর সিদ্দিক (ওয়ার্ড--১১) এবং মজিবর রহমান (ওয়ার্ড--১২)।
৪ নং ওয়ার্ডের কমিশনার পদে বিএনপি সমর্থিত একমাত্র প্রার্থী হিসেবে নুরুন্নবী বিজয়ী হয়েছেন।
অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত তিনজন প্রার্থীই মহিলাদের জন্য সংরক্ষিত মহিলা ওয়ার্ড কমিশনার পদে বিজয়ী হয়েছেন।
