২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪৪২ এমপির কাছ থেকে বকেয়া ফোন বিল আদায়ে হাইকোর্টের নির্দেশনা

হাইকোর্ট বৃহস্পতিবার পঞ্চম ও সপ্তম জাতীয় সংসদের ৪৪২ জন সংসদ সদস্যের কাছে বকেয়া পাঁচ দশমিক ২৫ কোটি টাকার মতো বকেয়া ফোন বিল ছয় মাসের মধ্যে আদায়ে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2006, 09:32 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

হাইকোর্ট পর্যবেক্ষণে বলেন, বকেয়া বিল পরিশোধে সংসদ সদস্যদের নির্দেশ প্রদানের পরও তারা যদি তা পরিশোধ করতে ব্যর্থ হন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।

বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) ২০০১ সালে দায়ের করা জনগুরুত্বপূর্ণ মামলা দায়েরের প্রেক্ষিতে হাইকোর্টে বৃহস্পতিবার শুনানি শেষে আদালত এ নির্দেশ দেন।

বিচারপতি এবিএম খায়রুল হক ও বিচারপতি এটিএম ফজলে কবীরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ একটি বেঞ্চ আটটি পর্যবেক্ষণসহ রায় প্রদান করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডকে (বিটিটিবি) রায়ে বিবাদী করা হয়েছে।

বৃহস্পতিবার রায় ঘোষণার পর হাইকোর্টে আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনাকারী ড. শাহদীন মালিক সাংবাদিকদের বলেন, রায় অনুযায়ী সকল সংসদ সদস্যকে বকেয়া টেলিফোন বিল পরিশোধ করতে হবে।

রায়ে হাইকোর্ট বলেন, রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। রাষ্ট্রের সকল সংগঠন এবং তার কর্মচারী ও সদস্যকে জনগণের স্বার্থ রক্ষায় নিয়োজিত থাকতে হবে।

আদালত বলেন, আইন বিশেষ কোনো ব্যক্তির জন্যে নয়। এটি সাধারণ জনগণ ও রাষ্ট্রের নীতিনির্ধারকদের মধ্যে কোনো বৈষম্য সৃষ্টি করে না।

আদালতে পর্যবেক্ষণে বলেন, রাষ্ট্রের কর্ণধাররা উচ্চপদে আসীন আছেন বলেই তাদের এ ধরনের সুযোগ প্রদান করা হয় না। বরং জনগণের স্বার্থে আরো ভালোভাবে কাজ করবেন বলে তাদেরকে এ সুযোগসুবিধা প্রদান করা হয়।

এতে বলা হয়, সম্মানিত সাংসদগণ তাদের প্রণীত, আইন, দেশের অন্য সাধারণ জনগণের মত মানতে বাধ্য।

আদালতের পর্যবেক্ষণ অনুসারে, বিটিটিবির কাছে দেনা টেলিফোন বিলগুলো রাষ্ট্রের কাছে ঋণ এবং দেশের সাধারণ টেলিফোন গ্রাহকদের মতোই বর্তমানের ও অতীতের খাতক সাংসদদের কাছে পাওনা টেলিফোন বিল আদায় করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাধ্য থাকবেন। অন্যথায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য দায়ী থাকবেন।

পঞ্চম সংসদের সাংসদদের কাছে তিন কোটি ৮৫ লাখ ৮৮ হাজার ৮৯৮ টাকা ও সপ্তম সংসদের সাংসদদের কাছে এক কোটি ৩৭ লাখ ৩৪ হাজার ৮ শত ৫৫ টাকা বিটিটিবির পাওনা রয়েছে। পাওনা টাকা আদায়ের জন্যে ও বিটিটিবির সংবিধিবদ্ধ দায়িত্ব পালনের নির্দেশনা চেয়ে ব্লাস্ট ২০০১ সালে রিট আবেদন দায়ের করেন। ২০০৫ সালের ২৭ মার্চ বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান ও বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর রুল নিশি জারি করেন ও বিটিটিবিকে খাতক সাংসদদের তালিকা প্রণয়নের নির্দেশ প্রদান করেন।

রুলের ওপর দীর্ঘ শুনানি শেষে হাইকোর্ট রায় প্রদান করেন ও রুল অ্যাবসুলেট করেন।

আবেদনকারীর পক্ষে ব্যারিস্টার সারাহ হোসেন ও অ্যাডভোকেট প্রতিকার চাকমার সহযোগিতায় ড. শাহদীন মালিক আদালতে মামলা পরিচালনা করেন।