২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নিয়োগের বিধানকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট

হাইকোর্ট বৃহস্পতিবার মন্ত্রী, উপদেষ্টা, চিফ হুইপ, প্রতিমন্ত্রী, হুইপ ও উপমন্ত্রীদের জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে নিয়োগ প্রদানের বিধানকে অবৈধ এবং অসাংবিধানিক ঘোষণা করেছেন।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2006, 09:08 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

বিচারপতি এবিএম খায়রুল হক এবং বিচারপতি এটিএম ফজলে কবীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ তাদের নিয়োগের জন্যে দেওয়া গেজেট প্রজ্ঞাপন, পিরোজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমানের স্থলে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী শাহ মোহাম্মদ আবুল হোসেনের ওপর অর্পন করা অবৈধ ঘোষণা করেন।

জাতীয় পার্টির (মঞ্জু) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির দায়ের করা পৃথক দুটি রিট আবেদনের প্রেক্ষিতে এ রায় দেওয়া হয়।

হাইকোর্টের এই রায়ের ব্যাপারে আবেদনকারীর পক্ষের কৌসুলী অ্যাডভোকেট এমকে রহমান বৃহস্পতিবার বিডিনিউজকে বলেন, জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে মন্ত্রী, উপদেষ্টা, চিফ হুইপ, হুইপের ওপর অর্পিত অতিরিক্ত দায়িত্ব সংক্রান্ত সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল বৃহস্পতিবার বিডিনিউজকে বলেন, রায়ের কপি হাতে পাওয়ার পর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা হবে।

তিনি বলেন, হাইকোর্ট মাত্র রায় ঘোষণা করলেন। রায়ে হাইকোর্ট জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে মন্ত্রীদের নিয়োগের বিধানকে অবৈধ ঘোষণা করেছেন। রায়ের কপি পাওয়ার পর আমরা আপিল করব।

মন্ত্রিপরিষদ বিভাগ ২০০১ সালের ১২ নভেম্বর একটি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে ৬২টি জেলার সার্বিক উন্নয়ন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্যে মন্ত্রী, মন্ত্রণালয়ের উপদেষ্টা, চিফ হুইপ, প্রতিমন্ত্রী , হুইপ ও উপমন্ত্রীসহ ৬২ জনকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে জলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়।

২০০১ সালের ১৩ নভেম্বর মন্ত্রিপরিষদ অপর এক গেজেট প্রজ্ঞাপনে বেগম সেলিমা রহমানের স্থলে শাহ মোহাম্মদ আবুল হোসেনকে পিরোজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আনোয়ার হোসেন মঞ্জু মন্ত্রিপরিষদের গেজেট প্রজ্ঞাপন জারি ও মন্ত্রী, উপদেষ্টা, চিফ হুইপ, প্রতিমন্ত্রী, হুইপ ও উপমন্ত্রীদের অতিরিক্ত দায়িত্ব হিসেবে জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে নিয়োগ প্রদানের বিধানের বৈধতাকে চ্যালেঞ্জ করে ২০০৩ সালের ১৮ মে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন।

আবেদনকারী তার আবেদনে জানান, নিয়োগকৃতদের বিভিন্ন জেলার দায়িত্ব প্রদান করা যায় এমন কোনো ধারা সংবিধানে নেই। এ সম্পর্কিত কোনো আইন অথবা সরকারের রুলস অব বিজনেসও নেই। আর তাই এ প্রজ্ঞাপনগুলো কোনো আইনগত বৈধতা ছাড়া জারি হয়েছে বলে ঘোষণা করা যোগ্য।

আবেদনে বলা হয়, গেজেট প্রজ্ঞাপন জারির মাধ্যমে তথাকথিত দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে সংশ্লিষ্ট জেলার প্রধান নির্বাহী করা হয়েছে। এ পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন ন্যায়, সততা ও নিরপেক্ষতার সাথে কাজ করতে পারে না।

রিট আবেদনকারীর আবেদনের শুনানির পর হাইকোর্ট সরকারের ওপর রুল জারি করেছেন এবং গেজেট প্রজ্ঞাপন এবং মন্ত্রী ও অন্যান্যদের নিয়োগকে কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না তার কারণ দর্শাতে সরকারের প্রতি নির্দেশ দিয়েছেন।

এর আগে রিট আবেদনকারী পিরোজপুর জেলার কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির দায়দায়িত্ব শাহ মোহাম্মদ আবুল হোসেনকে প্রদান সংক্রান্ত জারিকৃত প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৩ সালের ২০ মার্চ অপর একটি রিট আবেদন দায়ের করেন।

হাইকোর্ট তখন মামলার সংশ্লিষ্ট আইনের ব্যাখ্যা প্রদান করতে এমিকাসকিউরিস হিসেবে আইন বিশেষজ্ঞ ড. কামাল হোসেন ও সাবেক এটর্নি জেনারেল মাহমুদুল ইসলামকে নিয়োগ প্রদান করেন।

এমিকাসকিউরিরা হাইকোর্টকে তখন জানিয়েছিলেন, জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নিয়োগের বিষয়টি স্থানীয় সরকারের ধারণার বিরোধী এবং এতে মন্ত্রিপর্যায়ের দায়দায়িত্ব অন্তর্ভুক্ত থাকে না।

তারা আদালতকে জানান, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নিয়োগের বিধান পৃথিবীর কোনো দেশে নেই। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী স্থানীয় প্রশাসনের কাজকর্মে হস্তক্ষেপ করায় প্রশাসন স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারে না। এ ধারনাটি অসাংবিধানিক ও এর আইনগত কোনো ভিত্তি নেই।

দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার হাইকোর্ট এ রায় প্রদান করেন।

অ্যাডভোকেট জহিরুল ইসলাম ও অ্যাডভোকেট রুহুল কুদ্দুস বাবরের সহযোগিতায় অ্যাডভোকেট এম কে রহমান রিট আবেদনকারীর পক্ষে এবং অতিরিক্ত এটর্নি জেনারেল ফিদা এম কামাল রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনা করেন।