আগামী সাধারণ নির্বাচনের পর রাজনীতিতে আসছেন জয়, ঢাকায় পৌঁছার পর জয়কে উষ্ণ অভ্যর্থনা
বঙ্গবন্ধুর নাতি এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয় বৃহস্পতিবার জানিয়েছেন, আগামী সাধারণ নির্বাচনের পর তিনি রাজনীতিতে যোগ দিতে পারেন। তবে আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে কি না সে ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন তিনি।
আওয়ালী লীগ নেতাকর্মী ও চট্টগ্রামে সাংবাদিকদের ওপর পুলিশি বর্বরতার প্রসঙ্গে বলতে গিয়ে তিনি সরকারের আচরণকে গণতান্ত্রিক নয়, বরং এক ধরনের স্বেচ্ছাচারিতামূলক বলে আখ্যায়িত করেন।
জয় মঙ্গলবার ওয়াশিংটন থেকে লল্ডনে পৌঁছেন। লন্ডন থেকে বৃহস্পতিবার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, যে ভোটার তালিকা তৈরি করা হয়েছে তা একটি জাল ভোটার তালিকা। সরকারের আচরণে যে লক্ষণ দেখা যাচ্ছে তা গণতান্ত্রিক নয়, স্বৈরতান্ত্রিক।
বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিমানবন্দরে পুত্র জয়কে স্বাগত স্বাগত জানান। আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সমর্থক জয়কে স্বাগত জানানোর জন্য বিমানবন্দরে এবং ধানম-িতে আওয়ামী লীগ সভানেত্রীর বাসভবনে ভিড় করেন।
সজিব ওয়াজেদ জয় ছাত্রলীগের নবনির্বাচিত নেতাকর্মীদের স্বাগত জানান।
জয় বাংলাদেশে দুই সপ্তাহ অবস্থান করবেন। এ সময়ে তিনি বাবা-মা, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে সাক্ষাৎ করা ছাড়াও ছাত্রলীগের কর্মসূচিসহ বেশকিছু রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
সজিব ওয়াজেদ জয় বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করছেন। এর আগে গত বছরের ১৪ এপ্রিল বাংলা নববর্ষে তিনি বাংলাদেশে এসেছিলেন।
