২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবাধ নির্বাচনের জন্যে সরকারকে সংস্কার প্রস্তাব মানতে বাধ্য করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে: শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রকৌশলীসহ দেশের সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্যে জোট সরকারকে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাব মানতে বাধ্য করতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2006, 09:26 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

যেন আর কেউ জনগণের ভোট চুরি করতে না পারে, মানুষের ভোটাধিকার যেন কেড়ে নিতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ নেতৃবৃন্দের সঙ্গে বুধবার এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী একেএম ইসহাক বীর প্রতীক। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ও বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের পৃষ্ঠপোষক স্থপতি ইয়াফেস ওসমান, সংগঠনের প্রধান উপদেষ্টা প্রকৌশলী এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ড. গোলাম মোস্তফা, নুরুল হুদা ও মনির উদ্দিন আহমেদ।

পহেলা বৈশাখে রমনা বটমূলে বোমা হামলাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত বোমা ও গ্রেনেড হামলার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিএনপি জামাত জোট জঙ্গিবাদ সৃষ্টি ও তাদের লালন পালন করে সারাদেশে আতংক সৃষ্টির মাধ্যমে লুটপাট চালাচ্ছে।

আন্তর্জাতিক তদন্ত দলের মাধ্যমে শায়খ আবদুর রহমান ও বাংলা ভাইসহ গ্রেপ্তারকৃত জঙ্গি নেতাদের জিজ্ঞাসাবাদ এবং বোমা ও গ্রেনেড হামলার তদন্ত দাবি করে তিনি বলেন, আমি চ্যালেঞ্জ দিয়ে রাখতে পারি ওই সকল বোমা ও গ্রেনেড হামলার সঙ্গে প্রধানমন্ত্রী, তার পুত্র ও পরিবার এবং জামাত শিবির জড়িত।