২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝরে যাওয়া শিশুদের শিক্ষায় ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ

শিক্ষা থেকে ঝড়ে পড়া ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুদের শিক্ষার অধিকার ফিরিয়ে দেওয়া এবং প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত বিনামূল্যে বই বিতরণের দাবিসহ বিভিন্ন দাবি জানিয়েছে সুবিধাবঞ্চিত শিশু--কিশোররা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2006, 08:32 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

‘মানসম্মত শিক্ষার জন্য চাই মানসম্মত শিক্ষক’ এই প্রতিপাদ্য নিয়ে এবারের গ্লোবাল এ্যাকশন উইক উদযাপন করা হয়েছে।

বুধবার ‘গ্লোবাল ক্যাম্পেইন ফর এডুকেশন’র ‘গ্লোবাল এ্যাকশন উইক’ উদযাপন উপলক্ষ্যে এক মতবিনিময় সভায় শিক্ষার্থীরা এসব দাবি জানিয়েছে। পিপলস এমপাওয়ারমেন্ট ট্রাস্ট, কমনওয়েলথ এডুকেশন ফান্ডের সহযোগিতায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে ‘শিশুদের মুখোমুখি আইনপ্রণেতাগণ’ শীর্ষক এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহছানুল হক মিলন। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী।

শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ঝড়ে পড়া শিশুদের শিক্ষায় ফিরিয়ে আনার প্রয়াসে ২৯৭ কোটি টাকা ব্যয়ে একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রতিবন্ধীরা যাতে শিক্ষার সুযোগ পায়, তাদের সিলেবাস যাতে আরো সহজ করে দেওয়া হয় সে ব্যাপারে ইতোমধ্যেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।

শিক্ষকরা যাতে প্রকৃত প্রশিক্ষণ পেয়ে শিক্ষার্থীদের সাথে ভালো আচরণ করেন এবং শিক্ষার পরিবেশ আরো উন্নত হয় সেদিকে খেয়াল রাখার কথা বলেন বিভিন্ন এনজিও প্রতিনিধিরা। কারিগরী শিক্ষায় যারা শিক্ষিত হচ্ছে তারাও যাতে সাধারণ শিক্ষার্থীদের সমান সুযোগ পায় এবং শিক্ষার্থীদের টিফিনের ব্যবস্থা, তাদের খেলার মাঠের সুবন্দোবস্তের দাবি উঠে আসে আলোচনায়। শিক্ষাক্ষেত্রে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের প্রতি সামাজিক বৈষম্য দূর করার দাবিও উঠে আসে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের প্রধান অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, র্অনীতিবিদ আতিউর রহমান, সংসদ সদস্য আমানউল্লাহ আমান, অ্যাডভোকেট প্রমোদ মানকিন, গোলাম হাবিব দুলাল এবং জিএম কাদির প্রমুখ।