২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরে বাংলার মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার

বিশিষ্ট রাজনীতিবিদ শেরে বাংলা একে ফজলুল হকের ৪৪তম মৃত্যুবার্ষিকী ২৭ এপ্রিল বৃহস্পতিবার। দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2006, 06:44 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

শেরে বাংলা একে ফজলুল হক ১৮৭৩ সালের ২৬ অক্টোবর বরিশালে জন্ম গ্রহণ করেন এবং ১৯৬২ সালের ২৭ এপ্রিল মৃত্যুবরণ করেন।

অসাধারণ বাগ্মী এই নেতা বাংলার কৃষকদের সংগঠিত করার ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। ব্রিটিশবিরোধী আন্দোলন এবং ঋণ সালিশি বোর্ড গঠনের মাধ্যমে তিনি কৃষক--শ্রমিক স্বার্থ রক্ষায় এগিয়ে আসেন। তার কৃষকপ্রজা পার্টির মাধ্যমে তিনি কৃষক--শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে গেছেন। 

শেরে বাংলার ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ তার বাণীতে শেরে বাংলার অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, সাধারণ কৃষিজীবী ও শ্রমিক শ্রেণীর মানুষের আর্থ--সামাজিক উন্নয়নে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করে। শিক্ষার বিস্তার ও স্বনির্ভর আত্মপ্রত্যয়ী জাতি গঠনে তাঁর অবদান ছিল অনবদ্য।

শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পৃথক এক বাণীতে প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাঁর রুহের মাগফেরাত কামনা করে বলেন, শেরে বাংলার নিখাঁদ দেশপ্রেম ও কৃষক--শ্রমিকসহ সাধারণ মানুষের প্রতি অকৃত্রিম দরদ সকলের জন্যে এক অনুকরণীয় উজ্জ্বল দৃষ্টান্ত।