সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করলেন নয়া বাণিজ্য মন্ত্রী
নয়া বাণিজ্য মন্ত্রী মেজর (অব:) হাফিজউদ্দিন আহম্মেদ বলেছেন, কোনো সিন্ডিকেটের সন্ধান পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
“সিন্ডিকেট নামক একটি বস্তুর বিষয়ে শুনেছি ও পত্রপত্রিকায় দেখেছি। তাদের ব্যাপারে তদন্ত করে দেখা হবে,” তিনি বলেন।
বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর হাফিজউদ্দিন আহম্মেদ বুধবারই প্রথম ওই মন্ত্রণালয়ে যোগ দেন। পরে তিনি সচিবালয়ের কার্যালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।
বৈঠক শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে মন্ত্রী সাংবাদিকদের বলেন: আমি একজন সৎ মানুষ। সততার কারণে এলাকার মানুষ আমাকে ছয়বার সাংসদ নির্বাচিত করেছে। এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালেও আমি নিজেকে সৎ রাখার চেষ্টার করবো। এই সময়ে আমার বা মন্ত্রণালয়ের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ পাওয়া যাবে না।
তিনি বলেন, আমি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছি। কয়েকদিনের মধ্যে আমি সবকিছু বুঝে নেবো। এরপর আমি আবারো সাংবাদিকদের মুখোমুখি হবো।
তিনি বলেন, আমি এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে কোনো সিন্ডিকেটকে প্রশ্রয় দেবো না। কোনো সিন্ডিকেটের সন্ধান পেলে আমি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো। কোনো দুর্নীতিকে এখানে প্রশ্রয় দেওয়া হবে না।
মন্ত্রী বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি সহনীয় পর্যায়ে রাখতে মন্ত্রণালয় কার্যকর ব্যবস্থা নেবে। জনগণের সরকার জনগণের জন্য কাজ করবে।
“আর মাত্র ছয়মাস পরই আমাদের আবারো জনগণের কাছে যেতে হবে। এ কারণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রয়োজনে আমি নিজেই বাজারে যাবো। তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত কম সময় পাওয়া যাবে,” তিনি বলেন।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতা ও ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে দূর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী খালেদা জিয়া সোমবার রাতে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও উপদেষ্টা বরকতউল্ল্যা বুলুকে সরিয়ে দেন। সেখানে নতুন দায়িত্ব দেওয়া হয় পানি সম্পদ মন্ত্রী হাফিজউদ্দিন আহম্মেদকে।
