২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনশৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করতে সহযোগিতা দেবে চীন

 বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে যন্ত্রপাতি ক্রয়ের জন্যে বাংলাদেশ ও চীনের মধ্যে সোমবার একটি বিনিময়পত্র স্বাক্ষরিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2006, 09:36 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

চীন সরকার এ বাবদ বাংলাদেশকে ৫০ মিলিয়ন আরএমবি ইউয়ান সুদমুক্ত ঋণ প্রদান করবে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও চীনের স্টেট কাউন্সিলর ও জননিরাপত্তা মন্ত্রী ইয়ংক্যাংয়ের মধ্যে এক আনুষ্ঠানিক আলোচনায় এ ব্যাপারে সমঝোতা হয়েছে।

চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আশফাকুর রহমান ও চীনের জননিরাপত্তা উপমন্ত্রী মেং হংওয়ে নিজ নিজ সরকারের পক্ষে বিনিময় চুক্তিতে স্বাক্ষর করেন।

আনুষ্ঠানিক আলোচনায় আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, মাদক পাচার, জাল টাকাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

এছাড়া অপরাধ তদন্ত, গোয়েন্দা বিনিময়, পাচার নিয়ন্ত্রণ, সাইবার টহল, সেনা প্রশিক্ষণ, উপকূল ও সীমান্ত নিরাপত্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মতো সম্ভাব্য বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।

চীনের স্টেট কাউন্সেলর ও মন্ত্রী সন্ত্রাসবাদ ও উগ্রবাদ দমনে বাংলাদেশ সরকারের সাফল্যের প্রশংসা করেন। চীনা মন্ত্রী এক্ষেত্রে কাজ করতে দু পক্ষের অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করেন।

এর আগে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের ওয়ার্কিং গ্রুপের যুগ্মসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

দু পক্ষের মন্ত্রীর মধ্যে সহযোগিতা বিষয়ক চুক্তির অধীনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ২০০৫ সালের এপ্রিলে চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের সফরকালে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এছাড়া সফরকালে বাবর চীনের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী দাই বিংগাওয়ের সাথেও সাক্ষাৎ করেন। দুই মন্ত্রী সামাজিক সমৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আইনশৃঙ্খলা ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েনের লক্ষ্যে তারা দু দেশের পুলিশ বাহিনীর মধ্যে প্রশিক্ষণ বিনিময়ের সম্ভাব্যতা আলোচনা করেন।