অবাধ ও সুষ্ঠু সাধারণ নির্বাচন বাংলাদেশের জন্যে চ্যালেঞ্জ: ব্রিটিশ হাইকমিশনার
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী সোমবার বলেছেন, আগামী সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা বাংলাদেশের জন্যে একটি বিরাট চ্যালেঞ্জ।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ‘বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক’ শীর্ষক মিট দ্য রিপোর্টার্স কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে আনোয়ার চৌধুরী বলেন, আগামী সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন না করতে পারলে বাংলাদেশকে আরো একটি দশক পিছিয়ে যেতে হবে।
বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন বাংলাদেশ এবং যুক্তরাজ্যসহ অন্যান্যদের জন্যেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি জানান।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের জন্যেও সন্ত্রাসবাদ জাতীয় সঙ্কটে পরিণত হয়েছে। বিভিন্ন দিক থেকে বাংলাদেশকে সতর্ক করে দেওয়ার পরও সরকার খুব দেরিতে সন্ত্রাসবাদ নির্মূলের পদক্ষেপ নিয়েছে।
বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ হাইকমিশনার এছাড়াও যুক্তরাজ্যের স্বরাষ্ট্র ও পররাষ্ট্রনীতি, সন্ত্রাসবাদ নির্মূল, উগ্রবাদের উত্থান এবং দুর্নীতি ও সুশাসনসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন।
তিনি আরো বলেন, প্রায় পাঁচ লাখ বাংলাদেশী যুক্তরাজ্যে বসবাস করছে, তাদের অনেকেই সেখানে ভালো করছে। তিনি যুক্তরাজ্যে অধ্যায়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের ব্যাপারেও আলোকপাত করেন।
কর্মসূচিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম শফিকুল করিম ও সাধারণ সম্পাদক শাহেদ চৌধুরী উপস্থিত ছিলেন।
বর্তমান রাজনৈতিক সঙ্কট সম্পর্কে তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপি’র মতো বড় দলগুলোকে তুচ্ছাতিতুচ্ছ মতপার্থক্যের জায়গা থেকে বেরিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, ১৯৭১ সালে কী ঘটেছিল এবং ১৯৭১ এর পর কী ঘটেছে তার মধ্যে যেভাবেই হোক একটা সীমারেখা টানতে হবে।
বাংলাদেশে রাজনীতিতে বর্তমানে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে সহযোগিতা করতে ব্রিটিশ সরকার এগিয়ে আসবে কি না এ ব্যাপারে জানতে চাইলে হাইকমিশনার বলেন, আপনাদের প্রয়োজনে সহযোগিতা দিতে আমরা সবসময়ই এখানে আছি।
আনোয়ার চৌধুরী বলেন, অচলাবস্থা নিরসনে লেখালেখির চেয়ে সরাসরি আলোচনা অধিক কার্যকরী হবে।
বাংলাদেশ একটি মধ্যপন্থী অবস্থা থেকে নিজেকে একটি উগ্রপন্থী অবস্থায় আবিষ্কার করে। এটা বাংলাদেশের জন্যে লজ্জার ব্যাপার বলে তিনি উল্লেখ করেন।
সরকার এ ব্যাপারে দেরিতে সাড়া দিলেও তারা এ পর্যন্ত যা করেছে তা অনস্বীকার্য।
তিনি বলেন, দুর্নীতি বাংলাদেশের জন্যে আরো একটি বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ যদি ভিয়েতনাম, মালয়েশিয়া এবং অন্যান্য উন্নয়নশীল দেশের মতো উন্নতি করতে চায় তাহলে দুর্নীতি নিয়ন্ত্রণ করতে হবে।
সরকার সন্ত্রাসবাদ দমনে যে ধরনের পদক্ষেপ নিয়েছে সে ধরনের পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দুর্নীতি নিয়ন্ত্রণ করা সম্ভব বলে তিনি মত প্রকাশ করেন।
অপর এক প্রশ্নের জবাবে চৌধুরী বলেন, তহবিলের সঠিক ব্যবহার ও বন্টন নিশ্চিত করতে যুক্তরাজ্য এরই মধ্যে সরকারের পরিবর্তে বেসরকারি সংস্থাগুলোকে সাহায্যের পরিমাণ বাড়িয়ে দিয়েছে।
বর্তমানে বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগের পরিমাণ চার বিলিয়ন মার্কিন ডলার। অতিরিক্ত আরো দুই বিলিয়ন ডলার প্রক্রিয়াধীন আছে। এছাড়া দুদেশের মধ্যকার বাণিজ্যও উল্লেখ্যযোগ্য হারেই বাংলাদেশের অনুকূলে আছে বলে তিনি জানান।
