সরকার দুর্নীতি ও লুটপাট করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে: মহিউদ্দিন খান আলমগীর
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মহিউদ্দিন খান আলমগীর বলেছেন, বর্তমান সরকার দুর্নীতি ও লুটপাট করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এদের হাত থেকে দেশকে রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে।
সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ বাস্তুহারা লীগ আয়োজিত ‘স্বাধীনতা দিবস ও মুজিবনগর দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
তোফাজ্জল হোসেন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন হাবিবুর রহমান মোল্লাহ, হাসান খালেদ তালুকদার, আনোয়ার আলী কাওসার, ডা. শহীদুল্লাহ সিকদার প্রমুখ।
মহিউদ্দিন খান আলমগীর বলেন, বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় এসে দেশের মানুষকে দারিদ্রের চরম সীমায় নিয়ে গেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে মানুষ আজ খেতে পারছে না। এরা আবারো ক্ষমতায় আসলে দেশের অস্তিত্বকে সংকটের মুখে ফেলবে।
তিনি বস্তিবাসীদের সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানিয়ে বলেন, এ সরকার বস্তিবাসীদের জন্যে কিছুই করেনি বরং, বস্তিবাসীদের জন্যে বারবার দূর্ভোগের সৃষ্টি করেছে।
