স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভা হয়নি আড়াই মাস, আওয়ামী লীগের ক্ষোভ
দীর্ঘ আড়াই মাস স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক আহ্বান না করায় সরকারের তীব্র সমালোচনা করেছে প্রধান বিরোধী দল।
কমিটিতে আওয়ামী লীগ সদস্য সাংসদ মোহাম্মদ নাসিম দীর্ঘদিন কমিটির সভা আহ্বান না করায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভা আহ্বানের দাবি জানান।
সোমবার সংসদে বিরোধী দলীয় উপনেতার কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, কমিটির সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে ৮ ফেব্রুয়ারি। এরপর সংসদের একটি অধিবেশন শেষ হয়ে আরো একটি অধিবেশন শুরু হতে যাচ্ছে। কিন্তু কমিটির সভাপতি কোনো সভা আহ্বান করেননি।
মোহাম্মদ নাসিম বলেন, বিরোধী দল কমিটির বৈঠকে কানসাটে পুলিশের গুলিতে ২০ জন নিহত ও চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে রাজনীতিক ও সাংবাদিকদের ওপর পুলিশের হামলার বিষয়ে আলোচনা করতে চায়।
তাই সরকারি দলের সাংসদ ও কমিটির সভাপতি বিধি বহির্ভূতভাবে সভা আহ্বান থেকে বিরত রয়েছে।
তিনি অবিলম্বে সভা আহ্বানের দাবি জানিয়ে বলেন, সভাপতি ইচ্ছা করলে দু’তিনদিনের মধ্যেই সভা আহ্বান করতে পারেন। আমরা আরো দু’একদিন এজন্যে অপেক্ষা করবো। এর মধ্যে সভা আহ্বান করা না হলে স্পিকারকে লিখিতভাবে বিষয়টি জানানো হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এর আগেও এ ব্যাপারে স্পিকারকে জানানো হয়েছে। কিন্তু কোনো লাভ হয়নি।
