২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারবিভাগ পৃথকীকরণ মামলা : আদালত অবমাননা রুলে অভিযুক্ত ৩ শীর্ষ আমলা সুপ্রিম কোর্টে ক্ষমা প্রার্থনা করেছেন

সুপ্রিম কোর্টের জারি করা আদালত অবমাননা রুলে অভিযুক্ত চার শীর্ষ আমলার মধ্যে তিনজন আমলা আইনজীবীদের মাধ্যমে দেশের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্টের কাছে তাদের ‘অনিচ্ছাকৃত ভুলে’র জন্যে ক্ষমা  প্রার্থনা করে রুলের জবাব দিয়েছেন।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2006, 04:59 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

এর আগে সুপ্রিম কোর্ট নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের ক্ষেত্রে জারিকৃত ১২ দফা নির্দেশনা বিকৃত করায় চার শীর্ষ আমলার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন।   

বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের নেতৃত্বে বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন, বিচারপতি এমএম রুহুল আমিন, বিচারপতি তফাজ্জল ইসলাম এবং বিচারপতি আমিরুল কবির চৌধুরীর নেতৃত্বে আপিল বিভাগের একটি পূর্ণাঙ্গ বেঞ্চ ১৫ মে রুলের পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড: কামাল সিদ্দিকী, আইন সচিব আলাউদ্দিন সরদার, অর্থ সচিব সিদ্দিকুর রহমান সুপ্রিম কোর্টের কাছে তাদের কৃতকর্মের জন্যে ক্ষমা প্রার্থনা করলেও সংস্থাপন সচিব ড: মাহবুবুর রহমান তার কর্মকা-ের কথা উল্লেখ করে অন্য কোনো মন্তব্য করা থেকে বিরত থাকেন।

ব্যারিস্টার রফিকুল হক সংস্থাপন মন্ত্রণালয় সচিব সিদ্দিকুর রহমানের পক্ষে আদালত অবমাননা রুলের বিষয়টি ব্যাখ্যা করেন। এদিকে ড: মাহবুবুর রহমানের পক্ষে অ্যাডভোকেট টিএইচ খান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড: কামাল উদ্দিন সিদ্দিকীর পক্ষে অ্যাডভোকেট হাবিবুল ইসলাম ভূঁইয়া এবং আইন মন্ত্রণালয়ের সচিব আলাউদ্দিন সরদারের পক্ষে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সুপ্রিম কোর্ট জারিকৃত রুলের জবাব দেন।

অ্যাডভোকেট টিএইচ খান সোমবার বিডিনিউজকে বলেন, সংস্থাপন সচিব ড: মাহবুবুর রহমান নির্বাহী বিভাগ থেকে বিচারবিভাগ পৃথকীকরণে চাকুরি বিধির খসড়া প্রণয়নের পর্যায়গুলো উল্লেখ করেছেন।

তিনি বলেন, খসড়াটি ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রাষ্ট্রপতির অনুমোদনের জন্যে পাঠানো হয়েছে। ফৌজদারি কার্যবিধি সংশোধনের জন্যে সংসদে একটি বিল আনা হয়েছে। বিলটি পাস হলে তা আইন হিসেবে জারি হবে।

অ্যাডভোকেট টি এইচ খান অভিযুক্ত নয় শীর্ষ আমলাকে সশরীরে আদালতে হাজির হওয়া থেকে অব্যাহতি দানের আবেদন দাখিল করলে সুপ্রিম কোর্ট তার এ আবেদন নাকচ করে দিয়ে বলেন, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের ক্ষেত্রে এরাই প্রধান অন্তরায়।

ব্যারিস্টার রফিকুল হক বলেন, সিদ্দিকুর রহমান অর্থ মন্ত্রণালয়ে নিয়োগ পান ২০০৫ সালের অক্টোবরে। অর্থ সচিব তার ব্যাখ্যায় জানান তার কার্যালয় পে - কমিশন সংক্রান্ত বেশ কিছু  বিষয় আইন মন্ত্রণালয়ে পরীক্ষা নিরীক্ষার জন্যে পাঠায়। বিচার বিভাগ পৃথকীকরণে তিনি তার পক্ষে করণীয় সবকিছুই করেছেন বলেও দাবি করেন। তারপরও অনিচ্ছাকৃত ত্রুটির জন্যে তিনি ক্ষমাপ্রার্থী বলে উল্লেখ করেন।

অ্যাড. হাবিবুল ইসলাম ভূঁইয়া বলেন, তার মক্কেল প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী জবাবে বলেছেন, আদালতের কোনো আদেশ লঙ্ঘন করেননি।

কামাল সিদ্দিকী জবাবে বলেন, আদালতের প্রতি আমার পরিপূর্ণ সম্মান রয়েছে। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করতে সুপ্রিম কোর্টের ১২ দফা নির্দেশনা বাস্তবায়নে করণীয় সকল ব্যবস্থাই আমি সম্পন্ন করেছি এবং বিধিবিধান ও কার্যপ্রণালীর খসড়া প্রধানমন্ত্রীর কাছে পেশ করেছি।

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেন, আলাউদ্দিন সরদার আইন সচিব হিসেবে ২০০৪ সালের ৩ জুন দায়িত্ব গ্রহণ করেন। এর আগের আইন সচিবের কার্যালয়ের কোনো দায়দায়িত্ব তিনি নিতে পারেন না।

তিনি আদালতে তার আর্জিতে বলেন, জুডিসিয়াল সার্ভিস কমিশন বিধি জারি করার মাধ্যমে আইন মন্ত্রণালয় জুডিসিয়ারি সার্ভিস কমিশন গঠন করেছে। সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসারে মন্ত্রণালয় অন্যান্য বিধিবিধানও প্রণয়ন করেছে এবং ফৌজদারি কার্যবিধি সংশোধনের জন্যে সংসদে একটি বিলও উত্থাপন করেছে। বিলটি পাশ হওয়ার পর বিচার বিভাগ পৃথক করার ব্যাপারে আদেশ জারি করা হবে।

মাসদার হোসেন মামলা তথা বিচার বিভাগ পৃথকীরণ মামলার মধ্যস্থতাকারী ব্যারিস্টার আমির উল ইসলামের দায়ের করা আদালত অবমাননার আবেদনের পরিপ্রেক্ষিতে ৩ এপ্রিল প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত আপিল বিভাগের পাঁচ সদস্যের একটি পূর্ণাঙ্গ বেঞ্চ সরকারে শীর্ষ চার আমলার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন।

আদেশে তাদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার দায়ে চার্জ গঠন করা হবে না সে ব্যাপারে তিন সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়।

সুপ্রিম কোর্ট বিচার বিভাগ পৃথক করার ব্যাপারে সরকারের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলীর কাছে জানতে চান।

জবাবে তিনি বলেন, আমি বিশ্বাস করি, সরকার তার মেয়াদকালের মধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশনা বাস্তবায়ন করবে।

আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানিকালে আদালত অবমাননায় অভিযুক্ত সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্মসচিব লোকমান হাকিম, বদরুল আলম তরফদার ও মো. আব্দুর রব হাওলাদার, উপসচিব মো. আবুল কালাম চৌধুরী, সিনিয়র সহকারী সচিব মো. খলিলুর রহমান, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের শফিকুল ইসলাম তালুকদার, সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ হারুন - অর রশিদ, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. ফজলুল হক, অর্থ মন্ত্রণালয়ের একেএম মোতালেব হোসেন আদালতে উপস্থিত ছিলেন।