চার সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননা মামলার শুনানি সোমবার
নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণে সুপ্রিম কোর্টের দেওয়া ১২ দফা নির্দেশনা পালন না করায় চার শীর্ষ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আদালত আবমাননা মামলার শুনানি সোমবার অনুষ্ঠিত হবে।
আপিল বিভাগের মামলা তালিকায় দিনের প্রথম কার্যসূচী হিসেবে মামলাটি তালিকাভূক্ত করা হয়েছে।
প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেনের নেতুত্বে সুপ্রীম কোর্টের আপিল বিভাগের একটি পূর্ণাঙ্গ বেঞ্চ, ৩ এপ্রিল চার শীর্ষ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার ওই রুল জারী করেন।
রুলে আপিল বিভাগ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, আইন সচিব আলাউদ্দিন সরকার, সংস্থাপন সচিব ড. মাহবুবুর রহমান ও অর্থ সচিব সিদ্দিকুর রহমানকে, তাদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা তিন সপ্তাহের মধ্যে জানানোর নির্দেশ দেন।
সুপ্রিম কোর্টে মামলার শুনানি চলাকালে সরকারি কর্মকর্তাদের পক্ষে আইনী লড়াইয়ের জন্য সরকার প্রখ্যাত তিন আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক, অ্যাড. হাবিবুল ইসলাম ভূইয়া ও ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে নিয়োগ দিয়েছে।
অ্যাটর্নি জেনারেল এজে মুহাম্মদ আলীও আদালতে সরকারি কর্মকর্তাদের পক্ষে অংশ নেবেন।
ব্যারিস্টার আমির--উল--ইসলামের দায়েরকৃত বিচার বিভাগ পৃথকীকরণ মামলা হিসেবে পরিচিত মাজদার হোসেন মামলায় শীর্ষ আদালত ওই অবমাননার ওই রুল জারি করেন।
