২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কার প্রশ্নে ক্ষমতাসীন জোট জামায়াতকে অন্তর্ভূক্ত করছে

তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার প্রশ্নে প্রধানমন্ত্রীর প্রস্তাবিত কমিটিতে ক্ষমতাসীন জোট জামায়াতকে অন্তর্ভূক্ত করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2006, 08:56 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানায়, একই সঙ্গে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে উপেক্ষা করা হচ্ছে এ সংক্রান্ত বিরোধী দলের দাবি। 

বিএনপির একটি সূত্র নিশ্চিত করেছে, চার দল প্রস্তাবিত ওই সংস্কার কমিটিতে জামায়াতের একজনকে সদস্য হিসেবে নেওয়া হচ্ছে। তবে জামায়াত প্রতিনিধি হিসেবে কমিটিতে কে থাকছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জানা যায়, সরকারের পক্ষ থেকে ওই কমিটিতে নামের তালিকা পাঠানোর আগে শিগগিরই চারদলের (বিএনপি, জামায়াত, ইসলামী ঐক্য জোট ও বিজেপি) মহাসচিবদের বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকেই দলের প্রস্তাবিত কমিটি গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

এর আগে বিষয়টি নিয়ে বিএনপির নীতি -- নির্ধারকরা প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার সাথে একদফা বৈঠক করবেন।

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া রোববার সাংবাদিকদের জানান, দু’একদিনের মধ্যেই আওয়ামী লীগের সর্বশেষ চিঠির জবাব ও কমিটিতে চারদলের প্রতিনিধিদের নামের তালিকা পাঠানো হবে।

তিনি আরো জানান, প্রধানমন্ত্রীর ব্যস্ততা ও চারদলের বৈঠক অনুষ্ঠিত না হওয়ায় জবাবী চিঠি দিতে বিলম্ব হয়েছে। চারদলের বৈঠক করেই বিরোধী দলকে কমিটির তালিকা পাঠানো হবে।

প্রস্তাবিত চারদলের কমিটিতে জামায়াতের কোনো প্রতিনিধি থাকছেন কি না, সাংবাদিকরা তা জানতে চাইলে তিনি এ প্রশ্নে জবাব এড়িয়ে যান।

গত ১২ এপ্রিল দেওয়া মান্নান ভূঁইয়ার চিঠির জবাবে ১৬ এপ্রিল ১৪ দলের পক্ষে আওয়ামী লীগের পাঁচজন শীর্ষ নেতার একটি তালিকা পাঠানো হয়।

আওয়ামী লীগের নীতিনির্ধারক পর্যায়ের পাঁচ জন নেতা হচ্ছেন: দলের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি, প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত এমপি, শেখ ফজলুল করিম সেলিম এমপি এবং কাজী জাফরুল¬াহ্ এমপি।

আওয়ামী লীগ ও ১৪ দল প্রথম থেকেই আলোচনায় জামায়াতকে রাখার বিরোধিতা করে আসছে। তাদের পক্ষ থেকে জামায়াতকে কমিটিতে রাখা হলে সংস্কার আলোচনা বর্জন করার হুমকিও দেওয়া হয়।