জাতীয় পার্টির তিন অংশে ঐক্য হচ্ছে না, বড় জোটে থাকতে চায় জেপি ও বিজেপি
খ-িত দুটি অংশের শীর্ষ নেতাদের অনীহার কারণে তিন খ-ে বিভক্ত জাতীয় পার্টির একীভূত হওয়ার প্রক্রিয়া ভেস্তে গেছে। জাতীয় পার্টির (জাপা-এরশাদ) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের আহ্বানে সাড়া দিলেও ঐক্যের ব্যাপারে কেউ সম্মত হয়নি।
এরশাদ ছাড়া অন্য দুটি অংশের নেতারাই সরকার অথবা বিরোধী দলীয় জোটের সাথে আগামী নির্বাচনে অংশ নিতে চায়।
সূত্র জানায়, সম্প্রতি বিজেপি’র মহাসচিব কাজী ফিরোজ রশীদ জাপায় ফিরে গিয়ে এরশাদের রাজনৈতিক সচিব হন। এরপরই তিনি জাপার তিন খ-ের মধ্যে ঐক্যের উদ্যোগ নেন।
ওই প্রক্রিয়ার অংশ হিসেবে ইতোমধ্যেই ফিরোজ রশীদের মধ্যস্থতায় জেপি ও বিজেপি নেতাদের মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়।
এর ধারাবাহিকতায় সম্প্রতি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু জাপা চেয়ারম্যান এরশাদের সাথে দেখা করেন।
তবে তিনি ঐক্যের ব্যাপারে কোনো সাড়া দেননি। সাড়া দেননি বিজেপির সভাপতি নাজিউর রহমান মঞ্জুরও।
বিজেপির মহাসচিব সাইফুর রহমান এ ব্যাপারে বিডিনিউজকে জানান, ঐক্যের ব্যাপারে কিছু জানি না। সরকারে না থাকলেও বিজেপি চারদলীয় জোটে আছে, সেখানেই থাকবে।
তিনি বলেন, আগামী নির্বাচন হবে দুটি জোটের নেতৃত্বে। এর একটি হবে বাংলাদেশী জাতীয়তাবাদের পক্ষে এবং অন্যটি হবে বাঙালি জাতীয়তাবাদের পক্ষে। এ অবস্থায় ঐক্য করে কোনো লাভ নেই। এতে সর্বোচ্চ ৩০ টি আসন পাওয়া যাবে। কিন্তু তাতে ক্ষমতায় যাওয়া সম্ভব হবে না।
জেপি’র অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী বিডিনিউজকে জানান, জাপার ঐক্যের চেয়ে বড় কোনো জোটে যাওয়ার ব্যাপারেই আমরা আগ্রহী। ক্ষমতার প্রয়োজনে আমাদের জোটে যেতে হবে। আগামী ২৪ মে জেপি’র জাতীয় কাউন্সিল থেকে এ ব্যাপারে ঘোষণা দেওয়া হবে।
১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার আমলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী ও মহাসচিব আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে জাপা বিভক্ত হয়ে জাতীয় পার্টি (জেপি) নামে সরকারের সাথে থাকে। পরে আনোয়ার হোসেন মঞ্জু ওই গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হন।
পরবর্তীতে এরশাদের নেতৃত্বাধীন জাপা বিরোধী দল বিএনপি’র নেতৃত্বে সাতদলীয় জোটে যোগ দেয়। জোটে আসন ভাগাভাগি নিয়ে বিরোধের কারণে এরশাদ ৭ দল থেকে বেরিয়ে আসলেও থেকে যান নাজিউর রহমান মঞ্জুর।
তিনি কাজী ফিরোজ রশীদকে নিয়ে বাংলাদেশের জাতীয় পার্টি (বিজেপি) নামে দল গঠন করে চারদলীয় জোটে অবস্থান নেন। চারদল ক্ষমতায় এলেও বিজেপিকে সরকারে কোনো সুযোগ দেওয়া হয়নি। তবুও তারা সরকারের সাথে থেকে যায়।
