সাদিকীর গ্রেপ্তার এফবিআই’য়ের দীর্ঘদিনের পরিশ্রমের ফসল
মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা শাখার প্রতিনিধিরা দীর্ঘদিন ধরে বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিক এহসানুল ইসলাম সাদিকীকে (১৯) খুঁজছিল। অবশেষে তারা ঢাকা থেকে তাকে গ্রেপ্তারে সক্ষম হয়। বাংলাদেশ পুলিশের সূত্রে শনিবার এ কথা জানা যায়।
পুলিশ সূত্র শনিবার বিডিনিউজকে জানায়, মার্কিন ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআই’য়ের কাছ থেকে সন্ত্রাসবাদের সাথে সাদিকীর জড়িত থাকার তথ্য পেয়ে গ্রেপ্তারের আগে বাংলাদেশের গোয়েন্দা শাখার কর্মকর্তারা তার ব্যাংক একাউন্ট তল্লাশি করে।
সাদিকীর বাবা সরদার মো. শরীফও তার ছেলের ব্যাংক একাউন্ট তল্লাশি করে দেখার কথা স্বীকার করেছেন।
পশ্চিমা গণমাধ্যমে বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সাদা পোশাকধারী নিরাপত্তা কর্মীরা ১৭ এপ্রিল ঢাকার বারিধারা ডিওএইচএস এলাকা থেকে সাদিকীকে গ্রেপ্তার করে। সন্ত্রাসবাদী তৎপরতার সাথে কথিত সম্পর্কের কারণে সাদিকীকে বাংলাদেশ কর্তৃপক্ষ এফবিআই’য়ের কাছে হস্তান্তর করে।
সেন্ট্রাল হাসপাতালে শুক্রবার সন্ধ্যায় চিকিৎসার জন্য ভর্তি হওয়া সাদিকীর বাবা শনিবার বিডিনিউজকে বলেন, আমার ছেলেকে একটি বিশেষ বিমানে করে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়েছে বলে আমি জানতে পেরেছি।
তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিনিয়র সহকারি সচিব নাম গোপন রাখার শর্তে বিডিনিউজকে বলেছেন, সাদিকী এখনো বাংলাদেশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) হেফাজতে রয়েছে বলে তার মনে হচ্ছে।
সাদিকীর পরিবারের সদস্যরা দাবি করেছেন, বাংলাদেশ কর্তৃপক্ষ সাদিকীর ব্যাংক একাউন্ট তল্লাশি করেছে এবং আদালতের কোনো নির্দেশ ছাড়াই সাদিকীর বাবার ব্যাংক স্টেটমেন্ট নিয়ে নিয়েছে।
সাদিকীর বাবা বলেন, এটি ব্যাংকের নিয়মকানুনের লঙ্ঘন। এমনকি আমার সাউথইস্ট ব্যাংকের একাউন্টে তল্লাশি চালিয়ে তারা গ্রাহকের ব্যক্তিস্বাধীনতারও লঙ্ঘন করেছে।
সাদিকীর পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, নেতৃস্থানীয় এক গোয়েন্দা শাখার শীর্ষ কর্মকর্তারা ৮ মার্চ ব্যাংকে গিয়ে সাদিকীর ব্যাংক একাউন্টের খোঁজ করেন। কিন্তু ওই ব্যাংককে সাদিকীর কোনো একাউন্ট না পেয়ে কর্মকর্তারা তার বাবার ব্যাংক স্টেটমেন্ট নিয়ে যান।
সূত্র জানায়, বাংলাদেশের গোয়েন্দা কর্মকর্তারা মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা শাখার কাছ থেকে সাদিকীর একাউন্টে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাঁচ হাজার ডলার জমা পড়ার বিষয়টি জানতে পারে।
সাদিকীর বড় ভাই আমিনুল হক সাদিকী ও ভাবী তার বিয়ে উপলক্ষে তাকে ওই পরিমাণ অর্থ পাঠিয়েছিলেন বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এদিকে ক্যাবল নিউজ নেটওয়ার্ক (সিএনএন) সাদিকী এবং তার বন্ধু ও পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক সৈয়দ হারিস আহমেদকে গ্রেপ্তারের খবর টানা তৃতীয় দিনের মতো শনিবারেও সম্প্রচার করে।
সিএনএন হারিস আহমেদের প্রতিবেশীদের সাক্ষাৎকার প্রচার করে। হারিস ও সাদিকী যেখানে একত্রে ইসলামী শিক্ষা নিয়েছিল সেই আল ফারুক মসজিদ কর্তৃপক্ষের সাথে সিএনএন কথা বলেছে।
মার্কিন গণমাধ্যম সাদিকীর গ্রেপ্তারের সাথে হারিসের গ্রেপ্তারের যোগসূত্র স্থাপন করেছে। যন্ত্র প্রকৌশল বিভাগের ছাত্র হারিসকে সন্ত্রাসবাদী সংগঠনকে উপকরণ দিয়ে সহযোগিতা করার অভিযোগে এফবিআই চলতি বছরের ২৩ মার্চ জর্জিয়া থেকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় কারাগারে নিয়ে যায়।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বিডিনিউজকে বলেন, পুত্রের কর্মকা-ের ব্যাপারে সাদিকীর বাবাকে অবহিত করা হয়েছিল। পরিস্থিতির ব্যাপারে মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য তিনি সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সূত্র জানায়, সাদিকীর কর্মকা- সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। কিন্তু সন্ত্রাসী সংগঠনের সদস্য সন্দেহে এফবিআই সাদিকী পরিবারের আটলান্টার বাড়িতে কয়েক বার তল্লাশি চালানোর পর এ ব্যাপারে তারা জানতে পারেন।
এদিকে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতন সদস্যরা সাদিকীকে এফবিআই গ্রেপ্তার করে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে কি না সে ব্যাপারে এখনো মুখ বন্ধ রেখেছেন।
এর আগে এফবিআই সাদিকীকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জিজ্ঞাসাবাদ করে। বিবাহের উদ্দেশ্যে সাদিকী তখন বাংলাদেশে আসছিল বলে বাংলাদেশ পুলিশের সূত্র জানিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলেও সাদিকী ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত বাংলাদেশের একটি ব্রিটিশ স্কুলে পড়ালেখা করেছে।
