শীর্ষ রাজনীতিবিদ, মহিলা, সাংবাদিকদের নির্যাতন না করতে পুলিশকে নির্দেশ
রাজপথে প্রতিবাদ বিক্ষোভ মোকাবিলা করার সময় যেকোনো পরিস্থিতিতে যেকোনো পক্ষ যতই উত্তেজনা ছড়ানোর চেষ্টা করুক না কেন শীর্ষ রাজনীতিবিদ, মহিলা ও সাংবাদিকদের নির্যাতন না করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার এসএম মিজানুর রহমান শনিবার বিকেলে রাজধানীর রাজারবাগ পুলিশ টেলিকম মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ তথ্য প্রকাশ করেন।
বন্দরনগরী চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন বিভাগীয় স্টেডিয়ামে ১৬ এপ্রিল বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্ট শুরুর আগে ও মধ্যাহ্নভোজের বিরতির সময় সাংবাদিকদের ওপর পুলিশের হামলার উল্লেখ করে ডিএমপি কমিশনার মিজানুর রহমান বলেন, আমি আপনাদের নিশ্চিত করছি, এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি হবে না।
তিনি বলেন, চট্টগ্রামের ঘটনার ব্যাপারে আমাদের সাফাই গাওয়ার কোনো সুযোগ নেই। ব্যক্তিগতভাবে আমি লজ্জিত। কখনো কখনো অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে। কিন্তু আমি আপনাদের নিশ্চিত করতে চাই, এ ধরনের ঘটনা রাজধানীতে ঘটবে না।
জনগণ যেন নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অবস্থান না নেন সে জন্যে ডিএমপি কমিশনার সাংবাদিকদের কাছ থেকে সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, আমাদের জনগণের জানমালের নিরাপত্তা দিতে হয়। আর দেশের বৃহত্তর স্বার্থের জন্যও সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।
ডিএমপি কমিশনার সাংবাদিকদের জানান, পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের এ সম্পর্কে অবহিত করা হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে জনগণ ও সাংবাদিকদের সাথে আচরণ করার ক্ষেত্রে পুলিশের আচরণ ও দৃষ্টিভঙ্গির ব্যাপারে তাদের আত্মান্বেষণমূলক অবস্থার সাথে পরিচিত করা হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজপথ উত্তপ্ত কি না তা আমাদের দেখার বিষয় নয়। উদ্ভূত যেকোনো পরিস্থিতিই আমাদের মোকাবিলা করতে হয়।
ওপর মহলের অনুমতি ছাড়া ডিসি ও এসপি’র নিচে পদমর্যাদাধারী কোনো পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের সাথে কথা বলতে না পারার বিষয়টির ব্যাপারে তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আমার পক্ষ থেকে কোনো সীমাবদ্ধতা নেই। যেকোনো পরিস্থিতি সম্পর্কে পুলিশের বক্তব্যের ব্যাপারে পুলিশের প্রত্যেককে কথা বলতে আমি নির্দেশ দিয়ে থাকি। কোনো কর্মকর্তা চাইলে সাংবাদিকদের সাথে কথা বলতে পারেন। আর যদি সাংবাদিকদের সাথে কথা বলার আগে তিনি আমার সাথে কথা বলতে চান তাহলে তাও তিনি করতে পারেন।
ডিএমপি’র সকল ডেপুটি কমিশনার, সহকারি ডেপুুটি কমিশনার, ডিএমপি’র আওতাধীন সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভিশন চ্যানেলের অপরাধ প্রতিবেদকদের সাথে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
